ভক্তদের সুখবর দিলেন বিদ্যা সিনহা মিম

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ন, ২৪ মে ২০২৬ | আপডেট: ১২:৫৮ পূর্বাহ্ন, ২৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার সিনেমা বাজারে যুক্ত হলো নতুন চমক। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মালিক’ এবার মুক্তির চূড়ান্ত তালিকায় নাম লিখিয়েছে। সিনেমাটিকে ঘিরে দর্শক মহলে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

ঈদের উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে সম্প্রতি সিনেমাটির একটি রোমান্টিক গানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে শুরু হয়েছে আলোচনা।

আরও পড়ুন: আবারও বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া, প্রকাশ্যে ‘লোকে বলে’র ঝলক

ছবিগুলো শেয়ার করে মিম ক্যাপশনে লিখেছেন, “‘মালিক’ সিনেমার একটি রোমান্টিক গানের কিছু ছবি। শিগগিরই আসছে।”

প্রকাশিত ছবিতে আরিফিন শুভ ও মিমের দারুণ রোমান্টিক রসায়ন নজর কেড়েছে দর্শকদের। ছবিতে মিমকে দেখা গেছে ঐতিহ্যবাহী জামদানি নকশার দৃষ্টিনন্দন গোলাপি শাড়িতে। সঙ্গে মানানসই অলঙ্কার ও খোঁপায় ফুলের সাজ তার লুকে এনে দিয়েছে বাঙালি নারীর চিরায়ত স্নিগ্ধতা।

আরও পড়ুন: বিশ্বকাপ মাতাতে শাকিরা-বার্না বয়ের নতুন গান ‘দাই দাই’

অন্যদিকে, আরিফিন শুভ ধরা দিয়েছেন একেবারেই ভিন্ন এক রাফ লুকে। লম্বা চুল, ঘন দাড়ি, জলপাই সবুজ রঙের শার্ট ও জিন্সে তাকে দেখা গেছে বেশ আকর্ষণীয়ভাবে।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা ‘মালিক’ সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে উঠেছে। বিশেষ করে শুভ-মিম জুটির নতুন রসায়ন সিনেমাপ্রেমীদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে।