নিষিদ্ধ সম্পর্ক ও মানবিক বার্তার গল্পে ঋতুপর্ণা
টলিউডের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবার হাজির হচ্ছেন এক ভিন্নধর্মী সামাজিক গল্প নিয়ে। ‘নেভার মাইন্ড’ নামের নতুন এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি যুক্ত হয়েছেন একটি বিশেষ চরিত্রে। আর এই সিনেমার মাধ্যমেই প্রথমবার পরিচালকের আসনে বসেছেন অভিনেত্রী চৈতি ঘোষাল।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই বছর আগে টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল যে চৈতি ঘোষালের পরিচালনায় নির্মিত প্রথম সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রচারঝলক।
আরও পড়ুন: ‘আন্ধার’-এর প্রথম ঝলকেই চমক, নাজিফা তুষির লুকে বাড়ল কৌতূহল
সিনেমার পোস্টার শেয়ার করে ঋতুপর্ণা সেনগুপ্ত সামাজিক মাধ্যমে লিখেছেন, “কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু। তেমনই এক রাতের গল্প নিয়ে আসছে ‘নেভার মাইন্ড’।” তার এই বার্তা সিনেমাটির রহস্যময় আবহ সম্পর্কে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
‘নেভার মাইন্ড’-এর আরেকটি বড় আকর্ষণ হলো পরিচালক চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায়। তিনি সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। যদিও এর আগে অভিনয়ে দেখা গেছে অমর্ত্যকে, তবে এবারই প্রথম মায়ের পরিচালনায় কাজ করলেন তিনি।
আরও পড়ুন: আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ
সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক নারীকে কেন্দ্র করে, যিনি নিজের অতীতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের খোঁজ করতে গিয়ে কলকাতার বিখ্যাত পার্ক স্ট্রিটের একটি বারে পৌঁছান। সেখানে তার পরিচয় হয় এক তরুণ বার সংগীতশিল্পীর সঙ্গে। এরপর ভিন্ন জীবনদর্শন, পেশা ও বাস্তবতায় বসবাস করা কয়েকজন মানুষের জীবনকে ঘিরে এগিয়ে যায় কাহিনি।
নির্মাতাদের দাবি, কলকাতার পার্ক স্ট্রিটকে এই সিনেমায় সম্পূর্ণ নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে গল্পের ভেতরে রয়েছে একটি শক্তিশালী মানবিক বার্তা, যা দর্শকদের ভাবতে বাধ্য করবে।
সিনেমাটির মূল গল্প লিখেছেন সম্রাট। চিত্রনাট্য রচনায় তার সঙ্গে কাজ করেছেন মিতালি ঘোষাল রুদ্র। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন গোপী ভগৎ। আর গান ও আবহ সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী রূপম ইসলাম।
‘নেভার মাইন্ড’ কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সিনেমাটি নিয়ে টলিউড দর্শকদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।





