৩২ হাজার প্রতিযোগীকে হারিয়ে ডিজনির ‘মোয়ানা, কে এই নতুন তারকা?

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ৩:৫৬ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ডিজনির বহুল প্রতীক্ষিত লাইভ-অ্যাকশন চলচ্চিত্র ‘মোয়ানা’। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্রের নতুন সংস্করণ হিসেবে নির্মিত ছবিটি ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। যদিও চলচ্চিত্রটি সামগ্রিকভাবে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে, তবে নাম ভূমিকায় অভিনয় করা অস্ট্রেলিয়ান তরুণ অভিনেত্রী ক্যাথরিন লাগা’আইয়া নিজের অভিনয় দিয়ে সবার নজর কেড়েছেন। এই ছবির মাধ্যমে পূর্ণাঙ্গভাবে রূপালি পর্দায় অভিষেক হলো ক্যাথরিনের। অনেকেই ইতোমধ্যেই তাকে হলিউডের সম্ভাবনাময় নতুন মুখ হিসেবে আখ্যায়িত করছেন।

ক্যাথরিনের পুরো নাম ক্যাথরিন কেটি লাগা’আইয়া। ২০০৬ সালের ১৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে জন্ম তার। বাবা জে লাগা’আইয়া একজন পরিচিত অভিনেতা হওয়ায় ছোটবেলা থেকেই অভিনয় জগতের সঙ্গে পরিচয় ছিল তার। তবে ডিজনির মতো বড় প্রযোজনায় ‘মোয়ানা’ চরিত্রটি পাওয়ার পেছনে ছিল নিজের প্রতিভা, কঠোর পরিশ্রম এবং দীর্ঘ অডিশন প্রক্রিয়া।

আরও পড়ুন: বিশ্বকাপের উন্মাদনার মাঝেই অমিতাভের পোস্ট নিয়ে বিতর্ক

সিডনির নিউটাউন হাই স্কুল অব দ্য পারফর্মিং আর্টস-এ পড়াশোনার সময় জানতে পারেন, ‘মোয়ানা’ চরিত্রের জন্য খাঁটি পলিনেশীয় চেহারার নতুন মুখ খুঁজছে ডিজনি। সেই সুযোগ কাজে লাগিয়ে অডিশনে অংশ নেন তিনি।

শুধু কয়েকজন নয়, এই চরিত্রের জন্য প্রায় ৩২ হাজার তরুণী অডিশন দিয়েছিলেন। তাদের সবাইকে পেছনে ফেলে শেষ পর্যন্ত নির্বাচিত হন ক্যাথরিন। পড়াশোনার পাশাপাশি ‘মোয়ানা’র শুটিং চালিয়ে যেতে হয়েছে তাকে। শুটিং চলাকালেও ই-মেইলের মাধ্যমে শিক্ষকদের কাছে উচ্চমাধ্যমিক পরীক্ষার কাজ ও অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন তিনি।

আরও পড়ুন: মা হওয়ার পর প্রথমবার ক্যামেরায় ফিরছেন বুবলী

সামোয়ান বংশোদ্ভূত এই অস্ট্রেলীয় অভিনেত্রী জানিয়েছেন, ছোটবেলা থেকেই ‘মোয়ানা’ চরিত্রের সঙ্গে নিজের গভীর সংযোগ অনুভব করতেন। তাই প্রিয় সেই চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ার পর শুরুতে কিছুটা চাপ অনুভব করেছিলেন। তবে সহশিল্পী ডোয়েইন জনসন এবং ‘হ্যামিল্টন’খ্যাত পরিচালক থমাস কাইল-এর সহযোগিতায় ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পান।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিমেটেড ‘মোয়ানা’ প্রথম দেখার অভিজ্ঞতা স্মরণ করে ক্যাথরিন বলেন, “আমি তখন মনে করেছিলাম, এ তো আমার মতো দেখতে একজন রাজকুমারী। আমার বোনের মতো দেখতে একজন রাজকুমারী। ছবির বাবাকে দেখতেও আমার বাবার মতোই। এমন একটি দ্বীপের গল্প, যার কথা আমি ছোটবেলা থেকে শুনে এসেছি। সেটাই এবার এত জীবন্তভাবে চোখের সামনে ফুটে উঠেছে।”

‘মোয়ানা’র আগে ২০২৩ সালে অস্ট্রেলিয়ান মিনিসিরিজ ‘দ্য লস্ট ফ্লাওয়ার্স অব অ্যালিস হার্ট’-এর কয়েকটি পর্বে অভিনয় করেছিলেন ক্যাথরিন। তবে ডিজনির এই বড় প্রযোজনাই তাকে আন্তর্জাতিক দর্শকের সামনে নতুনভাবে পরিচিত করেছে।

চলচ্চিত্রটি নিয়ে মতভেদ থাকলেও ক্যাথরিন লাগা’আইয়ার অভিনয় প্রশংসা কুড়াচ্ছে সর্বত্র। অনেক সমালোচকের মতে, এই অভিনয়ই তাকে আগামী দিনে হলিউডের অন্যতম সম্ভাবনাময় তরুণ তারকায় পরিণত করতে পারে।