দিল্লির শিক্ষার্থী আন্দোলনে মুখ খুললেন একাধিক তারকা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ৩:০৮ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দিল্লিতে সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ এবং পুলিশের অভিযানের পর শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলিউড ও পাঞ্জাবি চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা। তারা আন্দোলনকারীদের অভিযোগ গুরুত্ব দিয়ে শোনা, শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেওয়া এবং মতপ্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) পাঞ্জাবি অভিনেতা ও সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, “যা ঘটেছে তা দুঃখজনক। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি।” তিনি বলেন, শিক্ষার্থীদের ক্ষোভ ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনা প্রয়োজন। একই সঙ্গে কৃষক আন্দোলনের সময় নিজের অবস্থানের কারণে ‘দেশদ্রোহী’ আখ্যা পাওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

বলিউড তারকা রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি'সুজা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া যৌথ পোস্টে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানান। তাদের ভাষ্য, তরুণদের কণ্ঠস্বর শোনা উচিত, কারণ তারাই দেশের ভবিষ্যৎ।

আরও পড়ুন: বরবাদ’-এর পর আবারও ফিরছে সেই সফল জুটি!

এর আগে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি এবং অভিনেতা-নির্মাতা প্রকাশ রাজ দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে উপস্থিত হন। শাবানা আজমি বলেন, বিক্ষোভ সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি সংবিধানপ্রদত্ত গণতান্ত্রিক অধিকারের চর্চা। তিনি জোর দিয়ে বলেন, আন্দোলনের উদ্দেশ্য কোনো ধরনের সহিংসতা নয়।

অভিনেত্রী হুমা কুরেশিও পুলিশের বলপ্রয়োগের সমালোচনা করেন। তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে এমন আচরণ তাকে গভীরভাবে ব্যথিত করেছে।

আরও পড়ুন: যে অভ্যাস এখনো বদলাতে পারেননি জয়া আহসান, জানালেন নিজেই

চিত্রনাট্যকার সুতপা সিকদার বলেন, অনেক শিক্ষার্থী অল্প অর্থ ও অনেক আশা নিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের দাবি ও সংগ্রামের প্রতি সম্মান দেখানো প্রয়োজন।

অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস বলেন, গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, যখন মানুষ স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারে। তিনি শান্তিপূর্ণ আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে বলেন, গঠনমূলক ভিন্নমতই গণতন্ত্রকে শক্তিশালী করে।

এদিকে অভিনেত্রী ভূমি পেডনেকার সহিংসতার নিন্দা জানিয়ে শিক্ষাব্যবস্থার বিভিন্ন অসংগতি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

দিল্লিতে চলমান আন্দোলন এবং পুলিশি অভিযানের পর রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ভারতের বিনোদন জগতের পরিচিত মুখগুলোর এমন প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আন্দোলন ও তা ঘিরে পরিস্থিতি নিয়ে দেশটির বিভিন্ন মহলেও আলোচনা অব্যাহত রয়েছে।