নতুন অতিথির অপেক্ষায় দীপিকা
সংসারে নতুন অতিথির অপেক্ষা। এর মধ্যেও কাজ থেকে নিজেকে সরিয়ে নেননি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অন্তঃসত্ত্বা অবস্থায় নিয়মিত শুটিং চালিয়ে গেলেও এবার কাজ থেকে বিরতি নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন দ্বিতীয়বারের মতো মা হতে যাওয়া এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীপিকা বর্তমানে অন্তঃসত্ত্বার অষ্টম মাসে রয়েছেন। আগামী মাসেই তার দ্বিতীয় সন্তানের জন্ম হতে পারে। এর আগে নিজের অংশের শুটিং শেষ করতে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলি পরিচালিত সিনেমা ‘রাকা’র কাজে ব্যস্ত ছিলেন তিনি।
আরও পড়ুন: সালমান শাহ হত্যা: গ্রেপ্তার ডনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
জানা গেছে, ‘রাকা’র শুটিং শেষ করতে প্রয়োজনে রাত পর্যন্ত সেটে থেকেছেন দীপিকা। তার এই পেশাদারিত্বে মুগ্ধ সিনেমাটির পুরো টিম। কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসির মিশেলে নির্মিত সিনেমাটিতে থাকছে বড় পরিসরের অ্যাকশন ও লড়াইয়ের দৃশ্য। ২০২৭ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
দীপিকার অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করা নিয়ে এর আগেও ব্যাপক আলোচনা হয়েছে। ২০২৫ সালে ‘স্পিরিট’ সিনেমায় দিনে আট ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না—এমন শর্ত দেওয়ায় সিনেমাটি থেকে বাদ পড়েছিলেন তিনি। পরে ‘কল্কি ২’ নির্মাতাদের কাছেও একই শর্ত দেওয়ার খবর প্রকাশিত হলে বলিউডে তার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ ওঠে।
আরও পড়ুন: গ্ল্যামারাস লুকে মিম, ছবি ঘিরে ভক্তদের মুগ্ধতা
তবে দীপিকার আট ঘণ্টার শিফটের দাবির পেছনে তার দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে।
এদিকে দীপিকার হাতে রয়েছে শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় শাহরুখ ও দীপিকার সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, অভয় ভার্মা, সৌরভ শুক্লা ও রানী মুখার্জি। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।
দীপিকার ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, দ্বিতীয় সন্তানের জন্মের আগে নিজের কাজের প্রতিশ্রুতিগুলো শেষ করে যেতে চান অভিনেত্রী। শুটিংয়ের সময় তার শারীরিক অবস্থাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সংশ্লিষ্ট টিম। তবে নিজের দায়িত্বের জায়গা থেকে কোনো আপস করতে চান না দীপিকা।
ফলে মাতৃত্বের এই গুরুত্বপূর্ণ সময়েও কাজের প্রতি দীপিকার এমন নিষ্ঠা বলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।





