রেহান রাসুল ও রাপ্তি সারওয়াতের নতুন গান ‘দূরত্ব’

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:২১ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৩৮ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী রেহান রাসুল ও কণ্ঠশিল্পী রাপ্তি সারওয়াতের কন্ঠে আসছে নতুন মৌলিক গান ‘দূরত্ব’। গানটির কথা ও সুর করেছেন রেহান রাসুল। সংগীতায়োজনে রয়েছেন তাসনুভ নাওয়াল। এই গানের এর মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন রেহান রাসুল ও রাপ্তি সারওয়াত।

স্বতন্ত্র গায়কী, নিজস্ব সুর ও কথার জন্য রেহান রাসুল ইতোমধ্যেই বাংলাদেশের সংগীতাঙ্গনে পরিচিত একটি নাম। ২০১৮ সালে ‘বাজে স্বভাব’ গানটি ব্যাপকভাবে শ্রোতাদের নজর কাড়ার পর তিনি ধারাবাহিকভাবে প্রকাশ করেছেন ‘রূপকথা’, ‘অচেনা শহর’, ‘অন্যরকম খুন’, ‘হাই’সহ বেশ কয়েকটি মৌলিক গান। এছাড়া আলোচিত চলচ্চিত্র ‘তুফান’-এর জনপ্রিয় গান ‘আসবে আমার দিন’ শাকিব খানের লিপসিঙ্কে পর্দায় উঠে আসে। এ বছর তার গাওয়া ‘মায়াপাখি’ নাটকের ‘মায়াপাখি’ গানটিও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন: শিল্প একটি পরিচয়,শিল্প একটি সংস্কৃতি : প্রভা

নতুন গান প্রসঙ্গে রেহান রাসুল বলেন, “দূরত্ব’ গানের লিরিকটা আমার কাছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলা গান ও সুরের একটা কথোপকথন।”

অন্যদিকে রাপ্তি সারওয়াত পেশায় একজন চিকিৎসক। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কর্মরত । তিনি রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্সের ফেলো। তবে সংগীতের সঙ্গে তার সম্পর্ক শৈশব থেকেই। 

আরও পড়ুন: অসুস্থ ইমরান হাশমি, ‘আওয়ারাপন টু’র সাফল্যে থামেনি বক্স অফিস দৌড়

শিশুশিল্পী হিসেবে বাংলাদেশ বেতারে নজরুলসংগীত, দেশাত্মবোধক গান ও পল্লীগীতিতে তালিকাভুক্ত ছিলেন রাপ্তি। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনেও নজরুলসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। সংগীতে তার শিক্ষকদের মধ্যে বিশেষভাবে স্মরণ করেন একুশে পদকপ্রাপ্ত প্রয়াত সুধীন দাসকে।

নজরুলসংগীতের শুদ্ধ বাণী ও সুর সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সুধীন দাস বিশেষভাবে স্মরণীয়। তাঁর প্রতিষ্ঠিত সংগীত প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’তেও দীর্ঘদিন সংগীতচর্চা করেছেন রাপ্তি। শৈশব ও কৈশোরের এই প্রাতিষ্ঠানিক সংগীতশিক্ষাই তাঁর গায়কীর ভিত তৈরি করেছে। 

দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ায় এসে আবার নিয়মিত সংগীতচর্চায় ফেরেন রাপ্তি। বর্তমানে বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে গান পরিবেশনের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও নিয়মিত গান প্রকাশ করছেন। তার কণ্ঠে ‘বিমূর্ত এই রাতি আমার’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ও ‘একা আছি তো কী হয়েছে’সহ বেশ কয়েকটি গান ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তবে ‘দূরত্ব’ তার প্রথম মৌলিক গান, আর সে কারণেই কাজটি তার সংগীতযাত্রায় নতুন একটি অধ্যায়।

আগামী মাসের শুরুতে রাপ্তি সারওয়াতের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘রাপ্তি সারওয়াত’-এ গানটি প্রকাশ পাবে।