বিফ খাওয়ার কথা বলে তীব্র ট্রোলিং ও কটাক্ষের মুখে বিশ্বজিৎ চক্রবর্তী

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:৫৩ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে গিয়ে গোমাংস খাওয়ার কথা সামাজিক মাধ্যমে জানানোর পর তীব্র ট্রোলিং ও কটাক্ষের মুখে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। এমনকি সামাজিক মাধ্যমে তাঁর ছবিতে ‘জুতোর মালা’ পরানোর মতো অপমানজনক পোস্টও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এবার বিশ্বজিতের পাশে দাঁড়িয়েছেন টলিউডের আরেক অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে দীর্ঘ এক পোস্টে বিশ্বজিতের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি, এ ঘটনায় টলিউডের অন্য শিল্পীদের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুন: শোবিজে নতুন দিগন্তের খোঁজে কনিকা

ফেসবুকে দেওয়া ওই পোস্টে সুরজিৎ জানান, তিনিও দু-একবার ‘বিফ রোল’ খেয়েছেন। মাটন বেশি পছন্দ হওয়ায় নিয়মিত গোমাংস খান না বলেও উল্লেখ করেন তিনি। তবে ভালো গোমাংস পেলে ভবিষ্যতে আবারও খাবেন বলে নিজের অবস্থান স্পষ্ট করেন এই অভিনেতা।

বিশ্বজিৎ চক্রবর্তীকে নিয়ে সামাজিক মাধ্যমে যারা কটাক্ষ করছেন, তাদের কঠোর ভাষায় সমালোচনা করেন সুরজিৎ। নিজের খাবারের জন্য কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। পোস্টে হিন্দুধর্ম ও বৈদিক যুগে গোমাংস খাওয়ার প্রসঙ্গও টেনে আনেন সুরজিৎ। এ বিষয়ে তাঁর বক্তব্য ঘিরেও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: বাঁধনকে ঘিরে ঘটনায় পিয়া জান্নাতুলের ক্ষোভ

বিশ্বজিতের বিরুদ্ধে আক্রমণের ঘটনায় টলিউডের সহশিল্পীদের নীরবতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সুরজিৎ। তিনি বলেন, বাংলার অভিনেতা-অভিনেত্রীদের উচিত এ ধরনের অপমানের প্রতিবাদ করা। নীরব থাকা শিল্পীদের উদ্দেশে তিনি কঠোর ভাষায় মন্তব্য করেন। ক্ষমতাশীলদের তোষামোদ করে চলা শিল্পীদের ‘ভাড়াটে পারফর্মার’ হিসেবেও কটাক্ষ করেন তিনি।

সামাজিক মাধ্যমে অপমানজনক আক্রমণের মুখেও বিশ্বজিৎ চক্রবর্তী নিজের অবস্থানে অনড় থাকায় তাঁর প্রশংসা করেছেন সুরজিৎ। প্রবীণ অভিনেতাকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘সাব্বাস বিশ্বজিৎ দা, তুমি দেখালে মেরুদণ্ড এখনও কোনও কোনও বাঙালির আছে।’

সুরজিতের এই পোস্টের পর বিশ্বজিৎ চক্রবর্তীকে ঘিরে গোমাংস বিতর্কের পাশাপাশি টলিউডে মতপ্রকাশের স্বাধীনতা, শিল্পীদের সামাজিক অবস্থান এবং সহশিল্পীদের নীরবতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।