আসছে চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৪৭ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে আসছে চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক ‘প্রথম দেখার পর’। বাবার প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছে আরিয়ান। মা-হারা আরিয়ানের পৃথিবীতে বাবা ছাড়া কেউ নেই। বাবা তার খুব ভালো বন্ধু। একদিন অফিস থেকে ফেরার পথে একটি মেয়ে তার গাড়ির সামনে এসে পড়ে। নেমে গিয়ে মেয়েটিকে সহযোগিতার চেষ্টা করে আরিয়ান। মেয়েটি তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়।

বিষয়টা এখানে শেষ হলো না। আয়েশা নামের সেই লাস্যময়ী মেয়েটিকে দেখার পর থেকে আরিয়ানের মন উতলা হয়ে ওঠে। মনে মনে মেয়েটিকে খুঁজতে থাকে সে। একদিন আয়েশাকে বাস স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে নেমে পরিচিত হয়। এরপর থেকে নিয়মিত আয়েশাকে ফলো করে আরিয়ান। আয়েশা বিরক্তি প্রকাশ করার পরও পিছু হটে না সে।

আরও পড়ুন: ভারতে পুনর্গঠিত চলচ্চিত্র সনদ বোর্ড

ধীরে ধীরে আয়েশাও দুর্বল হতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেম। আয়েশাকে বাসায় নিয়ে বাবার সঙ্গেও পরিচয় করিয়ে দেয় আরিয়ান। কিন্ত বিপত্তি বাধে আরিয়ান যখন আয়েশাকে বিয়ের প্রস্তাব দেয়। হঠাৎ আয়েশা সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেয়। আরিয়ান তাকে পাগলের মতো খুঁজতে থাকে।

এতে আরিয়ান ও আয়েশা চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। আরো আছেন আবুল হায়াত, ডলি জহুর প্রমুখ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি। 

আরও পড়ুন: নব্বইয়ের ক্যাম্পাসের প্রেম-বন্ধুত্বের গল্প নিয়ে আসছে ‘চিরকুট’