পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বাউফলের দুই সাংবাদিক আটক

Shahrier Islam Pallab
অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩৯ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে হট্টগোলের অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারী দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কক্ষের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মো. রিয়াজ উদ্দিন ও মো. শহীদ বাদশা সবুজ। তারা নিজেদের কে  ‘ক্রাইম পেট্রোল’ ও ‘প্রাণের বাংলাদেশ’ পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আকিব রায়হান জানান, জেলা প্রশাসকের কক্ষে দাপ্তরিক কাজ চলাকালে সিসিটিভি ক্যামেরায় দরজার সামনে দুজন ব্যক্তিকে প্রশাসনের কর্মীদের সঙ্গে হট্টগোল করতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিষয়টি নজরে আসে।

আরও পড়ুন: নান্দাইলে শিশুকে বলাৎকার করতে ব্যর্থ হয়ে হত্যার অভিযোগ, কিশোর আটক

পরে মো. রিয়াজ উদ্দিনের বুক পকেট থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এনডিসির দাবি, ফোনটিতে একটি অ্যাপের মাধ্যমে ভিডিও রেকর্ডিং চালু ছিল এবং তিনি গোপনে অফিসের কার্যক্রম ধারণ করছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিলে বিষয়টি নিয়ে আরও সন্দেহ তৈরি হয় বলে জানান তিনি।  এনডিসি আরও জানান, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, মো. রিয়াজ উদ্দিন ও মো. শহীদ বাদশা সবুজ জানান, তারা একটি অভিযোগ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন। তাদের অভিযোগ, বিভিন্ন কর্মকর্তার টেবিলে পাঠিয়ে তাদের হয়রানি করা হয়। পরে বিষয়টি জেলা প্রশাসককে জানাতে তার কক্ষের সামনে গেলে অফিসের লোকজন তাদের ভেতরে প্রবেশে বাঁধা দেন। গোপনে ভিডিও ধারণের বিষয়ে জানতে চাইলে এটি ভুল হয়েছে বলে স্বীকার করেন আটক দুই সাংবাদিক।

আরও পড়ুন: সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ

ঘটনাটি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।