বাংলামোটর থেকে শাহবাগে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৪৬ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাংলামোটরের রূপায়ণ টাওয়ার এলাকা থেকে এ অভিযান শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।

আরও পড়ুন: উত্তরা-উত্তরখান-দক্ষিণখান ও মোহাম্মদপুরে রাজউকের মোবাইল কোর্ট

অভিযানকালে সড়ক ও ফুটপাতে জমে থাকা বর্জ্য অপসারণ, অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা রয়েছে কি না, তা পরীক্ষা করা হয়।

পরিদর্শনকালে মো. খয়বর রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন নয়, সার্বিক পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপরও সমান গুরুত্ব দিতে হবে। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন দুই শিফটে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।

আরও পড়ুন: মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

তিনি বলেন, ভোর ৪টা থেকে সকাল ৯টা এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রাক-বর্ষা মৌসুমের জরিপে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে দিনব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, সিটি করপোরেশনের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে। নিজ নিজ বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ভূমিকা রাখতে হবে।

অভিযানে ডিএসসিসির সংশ্লিষ্ট আঞ্চলিক কর্মকর্তা ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা অংশ নেন।