ফটিকছড়িতে ডেবিট ইমনের দুই সহযোগী টেস্টার মোবারক ও ডাবা হারুন গ্রেফতার

Shahrier Islam Pallab
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:২৯ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী টেস্টার মোবারক ও ডাবা হারুন নামের দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়,শনিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ সন্ত্রাসীচক্রের সক্রিয় সদস্য মোঃ মোবারক হোসেন প্রকাশ টেস্টার মোবারক (৩২)-কে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজ, হাটহাজারী সার্কেল এবং ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল আলম খান-এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শেখ মোঃ ইয়াছিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানাধীন কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর সাকিনস্থ চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলার (শফির টিলা) টং ঘরে অভিযান পরিচালনা করা হয়। 

আরও পড়ুন: কুলাউড়ায় আগুনে পুড়ে মারা গেলো ৫ গরু

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতিতে থাকা অন্যান্যরা কৌশলে গহিন জঙ্গলে পালিয়ে গেলেও পুলিশ অভিযান চালিয়ে মোঃ মোবারক হোসেন প্রকাশ টেস্টার মোবারক (৩২)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির দখল হতে ২টি কাঠের বাটযুক্ত ধারালো ছোড়া/তরবারী, ১টি স্টিলের হাতলযুক্ত রামদা, ১টি কাঠের বাটযুক্ত রামদা, ১টি লোহার শাবল, ১টি ধারালো ছুরি, ১টি ধারালো ধামা, ১টি ধারালো দা,১টি এসএস পাইপ এবং১টি লোহার রডসহ সর্বমোট ১০টি দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত টেস্টার মোবারক চট্টগ্রাম জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেবিট ইমন এবং মোঃ মোবারক হোসেন প্রকাশ কালা মোবারক-এর অন্যতম সহযোগী হিসেবে সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য পাওয়া যায়। এদিকে১২ সেপ্টেম্বর রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  ডাকাতির প্রস্তুতি মামলার এজাহারভুক্ত আসামি মো. হারুন প্রকাশ ‘ডাবা হারুন’কে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন: নিজ দলের কেউ অপরাধে জড়ালেও ছাড় নয়: প্রতিমন্ত্রী

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর রাতে মানিকপুরের শফির টিলায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে অভিযান চালিয়ে মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারভুক্ত আসামি ডাবা হারুনের নাম-ঠিকানা শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, ডাবা হারুনের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া কাঞ্চননগরের সাদ্দাম হত্যা মামলাতেও তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়সহ পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে সূত্রে বর্ণিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং সংঘবদ্ধ ডাকাতচক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে ফটিকছড়ি থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ রবিউল আলম খান।