তারকাদের নিয়ে আসছে নাবিলার ‘লং ড্রাইভ’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৫৩ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাড়ির ছুটে চলার সঙ্গে চলবে তারকাদের গল্প, স্মৃতি আর জীবনের নানা অজানা অধ্যায়। এমনই ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হচ্ছেন ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তাঁর সঞ্চালনায় শিগগিরই শুরু হচ্ছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে দেশের জনপ্রিয় বেশ কয়েকজন তারকাকে অতিথি হিসেবে দেখা যাবে।

শোটিতে থাকছেন বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েলসহ বিনোদন অঙ্গনের পরিচিত মুখেরা। গাড়ির ভেতর চলবে তাঁদের সঙ্গে খোলামেলা আড্ডা। সেখানে উঠে আসবে ক্যারিয়ারে সাফল্যের পেছনের গল্প, ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা এবং গাড়িকে ঘিরে স্মৃতির কথা।

আরও পড়ুন: বলিউড অভিনেতা মুশতাক আর নেই

‘লং ড্রাইভ’-এর কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে আছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশতি আহমেদ।

সঞ্জয় সমদ্দারের ভাষ্য, ‘লং ড্রাইভ’কে প্রচলিত সেলিব্রিটি টকশোর আদলে তৈরি করা হয়নি। তারকাদের জীবনের ভিন্ন অভিজ্ঞতা ও পথচলার গল্প দর্শকের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আড্ডায় তারকাদের ‘রোড টু সাকসেস’, জীবনের প্রথম গাড়ি কেনার অনুভূতি, বর্তমানে ব্যবহৃত গাড়ির অভিজ্ঞতা এবং গাড়িকে ঘিরে নানা স্মৃতি উঠে আসবে।

আরও পড়ুন: রেখাকে চুম্বনের পুরোনো বিতর্কে ৫৭ বছর পর মুখ খুললেন বিশ্বজিৎ

বিনোদনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে এই আয়োজনে। কিছু পর্বে তারকাদের ফ্যান মোমেন্টের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগও থাকবে। ফলে তারকাদের ব্যক্তিগত গল্পের পাশাপাশি মানবিকতার বিষয়টিও জায়গা করে নেবে ‘লং ড্রাইভ’-এ।

খুব শিগগিরই ‘কনটেন্ট স্পেস’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে। পাশাপাশি স্ট্রিমিং পার্টনার ‘দোয়েল ওটিটি’র মাধ্যমেও দর্শকরা উপভোগ করতে পারবেন ‘লং ড্রাইভ’।