বলিউড অভিনেতা মুশতাক আর নেই
বলিউডে ফের শোকের ছায়া। দীর্ঘদিন লিভার ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর মারা গেলেন অভিনেতা মুশতাক খান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন বলিউডের একাধিক অভিনেতা, নির্মাতা ও বিশিষ্টজন।
১৯৮০ সালে ‘অ্যালবার্ট পিন্টো কো গুস্সা কিঁউ আতা হ্যায়’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় মুশতাকের। এরপর চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে বলিউডের অসংখ্য সিনেমায় গুরুত্বপূর্ণ ও স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। কমেডি থেকে শুরু করে বিভিন্ন ধরনের চরিত্রে তাঁর সাবলীল অভিনয় দর্শকদের কাছে তাঁকে পরিচিত করে তোলে।
আরও পড়ুন: তারকাদের নিয়ে আসছে নাবিলার ‘লং ড্রাইভ’
‘আশিকি’, ‘দিল হ্যায় কি মানতা নেহী’, ‘হম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘হেরা ফেরী’, ‘মুঝসে শাদি করোগী’, ‘ওয়েলকাম’, ‘ওয়ান্টেড’, ‘ওহ মাই গড’, ‘স্ত্রী’, ‘গদর ২’ এবং ‘স্ত্রী ২’-এর মতো জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাঁকে। দীর্ঘ অভিনয়জীবনে বলিউডের বিভিন্ন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন এই অভিনেতা।
মুশতাক খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। অভিনেতা সানি দেওল, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, কৌতুক অভিনেতা সুনীল পাল এবং চলচ্চিত্র নির্মাতা আনিস বাজমিসহ অনেকে তাঁর প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: রেখাকে চুম্বনের পুরোনো বিতর্কে ৫৭ বছর পর মুখ খুললেন বিশ্বজিৎ
দীর্ঘ অভিনয়জীবনে পর্দায় নানা ধরনের চরিত্রে নিজের স্বতন্ত্র উপস্থিতি জানান দিয়েছিলেন মুশতাক খান। তাঁর মৃত্যুতে বলিউড হারাল আরও এক অভিজ্ঞ অভিনেতাকে।





