‘মা হওয়ার পরের শারীরিক পরিবর্তন লজ্জার নয়, বরং মাতৃত্বের চিহ্ন': পরিণীতি চোপড়া
সন্তান জন্মের পর নারীর শরীরে পরিবর্তন কিংবা ওজন বেড়ে যাওয়া নিয়ে সমাজে নানা ধরনের মন্তব্য ও কটূক্তি শোনা যায়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন মায়েদের শারীরিক গঠন নিয়ে ট্রোলিংও কম নয়। এবার এমন মানসিকতার বিরুদ্ধে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার মতে, মাতৃত্বের পর শরীরে যে পরিবর্তন আসে, তা নিয়ে লজ্জিত হওয়ার কিছু নেই; বরং এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি প্রক্রিয়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিণীতি বলেন, সন্তান জন্ম দেওয়ার পর নারীর শরীরে পরিবর্তন আসাটাই স্বাভাবিক। নয় মাস গর্ভে সন্তান ধারণের পর ওজন বাড়া কিংবা শরীরে স্ট্রেচ মার্ক তৈরি হওয়াকে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নেই। এগুলো মাতৃত্বের স্বাভাবিক চিহ্ন।
আরও পড়ুন: নতুন ইতিহাসের হাতছানি টেলর সুইফটের
পরিণীতি প্রশ্ন তোলেন, সন্তান জন্মের পর একজন নারীর শারীরিক পরিবর্তনকে কেন নেতিবাচক দৃষ্টিতে দেখা হবে? তার মতে, একটি প্রাণকে নয় মাস গর্ভে ধারণের পর শরীরে দাগ কিংবা ওজনের পরিবর্তন লজ্জার বিষয় নয়। তাই কোনো গর্ভবতী নারী বা নতুন মাকে দেখলে তার চেহারা, শরীরের গঠন কিংবা ওজন নিয়ে মন্তব্য না করে তার ও সন্তানের সুস্থতা নিয়ে কথা বলাই উচিত। এর আগে ‘বিগ বস’-এর মঞ্চে একই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেতা সালমান খান। এবার একই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন পরিণীতি চোপড়া।
অনলাইন ট্রোলিং প্রসঙ্গে অভিনেত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি খুব বেশি সময় কাটান না। ফলে তাকে নিয়ে কে কী বলছে বা লিখছে, সেসব নিয়ে তিনি খুব একটা মাথা ঘামান না। অচেনা মানুষের নেতিবাচক মন্তব্যে মনোযোগ না দিয়ে পরিবার, নিজের জীবন এবং কাছের মানুষদের গুরুত্ব দেওয়াকেই তিনি বেশি প্রাধান্য দেন।
আরও পড়ুন: ‘স্টার নাইট’-এ মামুনুর রশীদ জানাবেন জীবনের অজানা গল্প





