আসছে ফেউ এর দ্বিতীয় সিজন

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:৪৫ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রথম সিজনের রহস্যের জট খুলবে কবে—এ প্রশ্নের উত্তর খুঁজছিলেন ‘ফেউ’-এর দর্শকরা। দুই সিজনের শুটিং একসঙ্গে শেষ হলেও নানা কারণে আটকে ছিল দ্বিতীয় কিস্তির মুক্তি। অবশেষে জানা গেল, ২০২৬ সালেই চরকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে আলোচিত এই ওয়েব সিরিজের নতুন সিজন।

ওটিটি প্ল্যাটফর্মসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ‘ফেউ ২’-এর মুক্তি নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ফলে ড্যানিয়েলের বাবাকে ঘিরে তৈরি হওয়া রহস্যের পরিণতি জানতে দর্শকদের অপেক্ষা আর দীর্ঘ হবে না বলেই ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়া: পূজা চেরী

দ্বিতীয় সিজন নিয়ে আরও একটি তথ্য সামনে এসেছে। চরকি কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, এবারের কিস্তিতেই গল্পের সমাপ্তি ঘটানোর পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, প্রথম সিজনে যেসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, সেগুলোর সমাধান মিলতে পারে নতুন সিজনে। তবে দর্শকদের সাড়া বিবেচনায় ভবিষ্যতে সিরিজটির আরও কিস্তি নির্মাণের সম্ভাবনাও রয়েছে।

১৯৭৯ সালের মরিচঝাঁপি হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে ‘ফেউ’ নির্মাণ করেছেন সুকর্ণ সাহেদ ধীমান। সিরিজের প্রথম সিজনে দেশভাগ ও মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ের প্রেক্ষাপটে ডুমুরঝাঁপিতে আশ্রয় নেওয়া হিন্দু শরণার্থীদের ওপর নির্যাতন, উচ্ছেদ ও হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: মারা গেছেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ

গল্পে রেভারেন্ড ফটোগ্রাফার সুনীলের নিখোঁজ হওয়ার ঘটনা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভয়াবহ ঘটনার সত্য সংবাদমাধ্যমে তুলে ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। প্রায় দুই যুগ পর বাবার তোলা কয়েকটি ছবির সূত্র ধরে তাঁর খোঁজে নামে ড্যানিয়েল। একপর্যায়ে সুনীলের মৃত্যুকে ঘিরে প্রচলিত ধারণার আড়ালে অন্য এক রহস্যের ইঙ্গিত পায় সে। বাবার প্রকৃত পরিণতি জানার এই অনুসন্ধানই প্রথম সিজনের গল্পকে এগিয়ে নিয়েছে।

২০২৫ সালের ৩০ জানুয়ারি চরকিতে মুক্তি পেয়েছিল ‘ফেউ’-এর প্রথম সিজন। সে সময় জানানো হয়েছিল, দুই সিজনের শুটিং একটানা সম্পন্ন হয়েছে। প্রথম কিস্তি প্রকাশের কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় সিজন মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়েছে দর্শকদের।

সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তাহমিনা অথৈ, তানভীর অপূর্ব, হোসেন জীবন, রিজভি রিজু ও এ কে আজাদ সেতুসহ অনেকে।

দ্বিতীয় সিজনে ড্যানিয়েলের অনুসন্ধান কোন পরিণতি পাবে, সুনীলের নিখোঁজ হওয়ার রহস্যের সমাধান কীভাবে হবে—এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে এসব প্রশ্ন। এ বছর মুক্তির সম্ভাবনার খবর সেই আগ্রহ আরও বাড়িয়েছে। তবে সিরিজটির নির্দিষ্ট মুক্তির তারিখ জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।