বিরতি ভেঙে পর্দায় ফিরছেন বিপাশা বসু

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:০০ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
বিপাশা বসু। ছবিঃ সংগৃহীত
বিপাশা বসু। ছবিঃ সংগৃহীত

দীর্ঘ বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। নির্মাতা হানসাল মেহতার পরিচালনায় একটি নাম চূড়ান্ত না হওয়া স্ট্রিমিং সিরিজের শুটিং শুরু করেছেন তিনি। ক্রাইম ড্রামা ঘরানার এই সিরিজে বিপাশার সঙ্গে আরও অভিনয় করছেন সানি কৌশল ও বিশাল জেঠওয়া। এটি মুক্তি পাবে প্রাইম ভিডিওতে।

কাশ্যপ কাপুর ও রাঘব রাজ কাক্করের লেখা সিরিজটি প্রযোজনা করছেন প্রভলিন সান্ধু। প্রযোজনা প্রতিষ্ঠান অলমাইটি মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে এটি। তবে সিরিজের নাম, মুক্তির তারিখ এবং বিপাশা ও বিশাল জেঠওয়ার চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুন: মারা গেছেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ

একটি ছোট শহরকে কেন্দ্র করে এগোবে সিরিজটির গল্প। সাধারণ একটি শহর কীভাবে মহাদেশটির হেরোইন পাচারের অন্যতম কেন্দ্রে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে যায়, সেটিই এর মূল প্রেক্ষাপট। সিরিজে সানি কৌশল অভিনয় করছেন একজন সৎ ও নীতিবান পুলিশ কর্মকর্তার চরিত্রে। দুর্নীতি ও প্রভাবশালী মহলের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি নিজের সততা ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তাঁকে। পরিস্থিতির চাপে তাঁর মানবিক মূল্যবোধও কঠিন পরীক্ষার মুখে পড়বে। তবে গল্পের অন্যান্য দিক এখনো প্রকাশ্যে আনেননি নির্মাতারা।

২০১৬ সালের এপ্রিলে অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন বিপাশা বসু। এরপর ধীরে ধীরে অভিনয়ে তাঁর উপস্থিতি কমে আসে। ২০২২ সালের নভেম্বরে এই দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান দেবী।

আরও পড়ুন: দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেতা টোবি

বিপাশাকে সর্বশেষ দেখা গেছে ২০২০ সালে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস’-এ। এতে করণ সিং গ্রোভারের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। অন্যদিকে, তাঁর সর্বশেষ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা ‘অ্যালোন’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালের জানুয়ারিতে। ভূষণ প্যাটেল পরিচালিত হরর সিনেমাটিতে যমজ বোন সঞ্জনা ও অঞ্জনার দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

দীর্ঘ বিরতির পর নতুন এই সিরিজের মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন বিপাশা। ফলে তাঁর অভিনীত চরিত্র ও সিরিজের গল্প নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।