সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়া: পূজা চেরী
নতুন সিনেমা কিংবা শুটিংয়ের খবর না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই দেখা মিলছে অভিনেত্রী পূজা চেরীর। কখনো নতুন ফটোশুট, কখনো আবার ছবির সঙ্গে জীবনবোধের বার্তা—এভাবেই ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। এবার একাকিত্ব ও নিজের পথে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে প্রায় এক ডজন ছবি প্রকাশ করেন পূজা। ছবিগুলোতে নীল কুর্তি ও সাদা প্যান্টে দেখা গেছে তাঁকে। রাতের আলোয় একটি ভবনের ছাদ ও বারান্দায় ছবিগুলো তোলা হয়েছে।
আরও পড়ুন: আসছে ফেউ এর দ্বিতীয় সিজন
ছবিগুলোর সঙ্গে একটি অনুপ্রেরণামূলক বার্তাও দিয়েছেন পূজা। সেখানে তিনি লেখেন, ‘সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা। যদি হঠাৎ দেখো, তোমার পরিচিত মানুষের সংখ্যা কমে যাচ্ছে, আর যেখানে একসময় হাসি-আড্ডা আর মানুষের ভিড় ছিল, সেখানে হঠাৎ এখন তুমি একা, তবে ভয় পেয়ো না। এর মানে, তুমি আর দশজনের ভিড় থেকে বেরিয়ে নিজের সাম্রাজ্যের পথে এগিয়ে যাচ্ছো।
পূজার এই পোস্টে তাঁর ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীর সাজ ও ছবির প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, তাঁকে দারুণ লাগছে, আবার কেউ সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এক ভক্ত আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজার নতুন সাজের ছবি প্রকাশের আবদারও করেছেন।
আরও পড়ুন: মারা গেছেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ
উল্লেখ্য যে, পূজা চেরীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির শুটিং অবশ্য অনেক আগেই সম্পন্ন হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর জানাননি অভিনেত্রী।
অন্যদিকে, বিভিন্ন সময়ে তাঁর ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে আপাতত নতুন কোনো অভিনয় প্রকল্পের ঘোষণা না এলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতি ধরে রেখেছেন পূজা। এবার তাঁর একাকিত্ব ও আত্মবিশ্বাস নিয়ে দেওয়া বার্তাটি ঘিরেই ভক্তদের আগ্রহ তৈরি হয়েছে।





