বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা শহীদদের সঙ্গে প্রতারণা: প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:১৯ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই আন্দোলনের শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৯ অক্টোবর) ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও ‘ওসমানী উদ্যানের আধুনিকায়ন’ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: ডিএমপিতে ৯ সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল এখন বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ না করার কারণেই তারা আমন্ত্রণ পেয়েও জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়নি বলে মন্তব্য করেন তিনি। বিরোধী দল আবারও আগের অবস্থানে ফিরে গেছে উল্লেখ করে তাদের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণের কোনো সুযোগ নেই। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক অবস্থান নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন: জুলাই এক দিনের ঘটনা নয়, গণতান্ত্রিক সংগ্রামের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আগামী পাঁচ বছর এই সরকার দেশ পরিচালনা করবে বলেও জানান তিনি।

বিরোধী দলের প্রতি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এডিস মশা সরকারি দল কিংবা বিরোধী দল—কাউকেই আলাদা করে চেনে না। তাই ডেঙ্গু মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য চিকিৎসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।