সত্যিই কি ‘গুলশানের চামেলি’ ছাড়ছেন মধুমিতা?
ঢাকাই সিনেমায় অভিষেকের আগেই নানা আলোচনা ও গুঞ্জনের মুখে পড়েছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। পরিচালক মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রে নাম লেখাতে যাচ্ছেন তিনি। তবে সম্প্রতি সিনেমাটি থেকে তার সরে দাঁড়ানোর খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এমন গুঞ্জনে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, এসব ভিত্তিহীন আলোচনা নিয়ে কথা বলে গুঞ্জনকারীদের গুরুত্ব দিতে চান না তিনি।
গত ১ আগস্ট ঢাকায় ‘গুলশানের চামেলি’র মহরতে অংশ নিয়ে সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন মধুমিতা। সম্প্রতি সিনেমা থেকে তাঁর সরে দাঁড়ানোর গুঞ্জন ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন: জবির প্রতিষ্ঠাবার্ষিকীতে গাইবেন জেমস
মধুমিতা বলেন, ‘ফেসবুকে প্রতিদিন এমন গুঞ্জন ছড়ায়। এসব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ সিনেমা ছাড়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘সিনেমা-সংশ্লিষ্ট কেউ তো এমন ঘোষণা দেননি, তাহলে এ বিষয়ে কেন এত কথা হচ্ছে?’
অভিনেত্রীর ধারণা, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি চক্র ইচ্ছা করে এমন কথা ছড়াচ্ছে। সিনেমার মহরতে অংশ নেওয়ার পর থেকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে নেতিবাচক কথা বলছে কেউ কেউ। বলা হলো, আমি নাকি কলকাতায় কাজ না পেয়ে বাংলাদেশের সিনেমা করছি। এখন আবার নতুন গুঞ্জন ছড়াচ্ছে। তারা যদি মনে করে আমি সিনেমাটি করছি না, তাহলে আর কী করার। সেটাই ছড়াতে থাকুক। আমি আমার কাজ করতে থাকি। এসব নিয়ে কথা বললে বরং তাদের গুরুত্ব দেওয়া হবে।’
আরও পড়ুন: ১৫ মিনিটেরও কম সময়ে বিয়ে করেছিলেন হিনা খান
এদিকে মধুমিতার সিনেমা ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পরিচালক মোহাম্মদ ইকবাল। তিনি জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ‘গুলশানের চামেলি’র শুটিং। শিডিউল অনুযায়ী প্রথম দিন থেকেই শুটিংয়ে অংশ নেবেন মধুমিতা সরকার।
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার দিক নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে সমাজের প্রান্তিক এক নারীর চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। কোনো অপরাধ না করেও যিনি ক্ষমতার নির্মম খেলার শিকার হন।
প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও নানা জটিলতায় এতদিন শুটিং শুরু করা সম্ভব হয়নি। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে আরও অভিনয় করছেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগরসহ অনেকে।





