জবির প্রতিষ্ঠাবার্ষিকীতে গাইবেন জেমস

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:১১ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬
মাহফুজ আনাম জেমস। ছবিঃ সংগৃহীত
মাহফুজ আনাম জেমস। ছবিঃ সংগৃহীত

আগামীকাল (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। আর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী থাকছে নানা আয়োজন। তবে বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন ‘নগরবাউল’ খ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত কর্মসূচি থেকে জানা গেছে, আগামী সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে জেমসের পরিবেশনা অনুষ্ঠিত হবে। কর্মসূচি অনুযায়ী, সকাল ৯টায় জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হবে। এ ছাড়া চারুকলা অনুষদের উদ্যোগে চিত্রকর্ম প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন রয়েছে।

আরও পড়ুন: ‘টাকা চাইলে নিয়ে যাক, শিডিউল চাইলে দেব’: শরিফুল রাজ

দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জবি সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন (অফসাইড, কোমল গান্ধার, কিম্ভূত, স্বরূপ) অংশ নেবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্বে মঞ্চে উঠবেন জেমস। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রিয় শিল্পীকে সরাসরি দেখার ও গান শোনার অপেক্ষায় রয়েছেন অনেকে। বিশ্ববিদ্যালয় দিবসের কনসার্ট ঘিরে এরই মধ্যে ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

আরও পড়ুন: সত্যিই কি ‘গুলশানের চামেলি’ ছাড়ছেন মধুমিতা?