শ্রমিক বিক্ষোভের মধ্যে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:১১ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় কয়েকজন মন্ত্রীকে নিজের কার্যালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ডের গেজেট প্রকাশ

মন্ত্রিপরিষদ বিভাগ ও শ্রম মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, রোববার দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এদিকে শ্রমিক অসন্তোষের পেছনে ডিসেম্বরকে লক্ষ্য করে কোনো পরিকল্পনা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী বলেন, ‘অবশ্যই! এটা তো পরিষ্কার।’ তিনি দাবি করেন, একটি ছাত্রসংগঠনের সাংগঠনিক সম্পাদককে শ্রমিক সেজে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলা আন্দোলনে অংশ নিতে দেখা গেছে। এ-সংক্রান্ত ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: চার দিন বন্ধ থাকবে এলএনজি টার্মিনাল, সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ

কোন ছাত্রসংগঠনের নেতা—এমন প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন!’

এর আগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনার জন্য মজুরি বোর্ড গঠন করে সরকার।

সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রধানমন্ত্রী দুই দিন আগেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন। তবে শ্রমিক প্রতিনিধির মনোনীত ব্যক্তির নাম পেতে শ্রম মন্ত্রণালয়ের সময় লাগায় মজুরি বোর্ড গঠনেও দেরি হয়।

মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের পাশাপাশি স্বাধীন সদস্যদের সঙ্গে পরামর্শ করে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।

তবে মজুরি বোর্ডের প্রথম বৈঠকের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। একই সঙ্গে নতুন মজুরি কাঠামো ঘোষণার সম্ভাব্য সময়সীমাও জানানো হয়নি।