মেয়ে সুহানার স্মৃতিশক্তি দেখে অবাক শাহরুখ খান

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫০ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬
শাহরুখ খান। ছবিঃ সংগৃহীত
শাহরুখ খান। ছবিঃ সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। এরই মধ্যে সিনেমাটির একটি গানে আন্তর্জাতিক পপ তারকা এড শিরানের অংশগ্রহণ এবং সেই গানের সঙ্গে মেয়ে সুহানা খানের গলা মেলানোর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সুহানার স্মৃতিশক্তিতে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করেছেন বাবা শাহরুখ খান।

সম্প্রতি ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টির জন্য প্রস্তুতি নেওয়ার একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেন সুহানা। সেখানে ‘কিং’ সিনেমার সদ্য প্রকাশিত গান ‘তু মিল যায়ে’-এর সঙ্গে গাইতে দেখা যায় তাকে। গানটিতে ভারতীয় সংগীতশিল্পীদের পাশাপাশি ইংরেজি র‍্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন এড শিরান।

আরও পড়ুন: শনিবার ঢাকায় কোথায় কী আয়োজন?

ভিডিওটি নজরে আসে শাহরুখের। মেয়ের গানের সঙ্গে তাল মেলানোর পাশাপাশি দ্রুতগতির ইংরেজি র‍্যাপের কথাগুলো মনে রাখার দক্ষতা দেখে মজার ছলে মন্তব্য করেন তিনি। শাহরুখ লেখেন,‘তুমি কীভাবে কথাগুলো মনে রাখো!!! আমার জন্য এটা খুব কঠিন ছিল, কারণ এড খুব দ্রুত গান গায়!!!’

বাবার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কথোপকথন নিয়ে ভক্তদের মধ্যে বেশ আলোচনা তৈরি হয়েছে। অনেকেই বাবা-মেয়ের এই মিষ্টি মুহূর্তের প্রশংসা করছেন।

আরও পড়ুন: পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন দীঘির

এদিকে শাহরুখের ৬১তম জন্মদিন উপলক্ষে সোমবার প্রকাশ করা হয় ‘তু মিল যায়ে’ গানটি। এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। গানটির ইংরেজি র‍্যাপ অংশে রয়েছেন এড শিরান। শচীন-জিগরের সুরে গানটির কথা লিখেছেন কুমার।

বলিউডে নিজের প্রথম কাজ নিয়ে এড শিরানও সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন। শাহরুখের সঙ্গে বন্ধুত্ব এবং এই গানে যুক্ত হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

এড জানান, ভারতে সাম্প্রতিক সফরের সময় অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর ‘স্যাফায়ার’ গানের মিউজিক ভিডিওতে শাহরুখের একটি ক্যামিওর অনুরোধ জানাতে অভিনেতার বাসায় গিয়েছিলেন তিনি। সেখানেই শাহরুখ তাঁকে সংগীত পরিচালক জুটি শচীন-জিগরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে ওই রাতেই ‘তু মিল যায়ে’ গানের জন্য নিজের অংশ লিখে রেকর্ড করেন এড।

শাহরুখের সঙ্গে পরিচয় প্রসঙ্গে এড লেখেন, তাঁদের প্রথম সাক্ষাতেই অভিনেতা বলেছিলেন, তাঁর পরবর্তী সিনেমার জন্য একটি গান তৈরি করতে হবে। সেই পরিকল্পনাই শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিয়েছে। শাহরুখকে ভালোবাসেন উল্লেখ করে এই যৌথ কাজকে বিশেষ অভিজ্ঞতা হিসেবেও বর্ণনা করেন তিনি।

উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফিক্স পিকচার্স। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।