দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, ২০ বছর চলবে উত্তোলন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:২৯ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০ বছর ধরে এই কূপ থেকে গ্যাস উত্তোলন করা হবে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ কূপে খননকাজ শেষে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রমিক আন্দোলন: কঠোর অবস্থানে পুলিশ, মাঠে ডিআইজি

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন এই কূপ থেকে দৈনিক প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের আশা করা হচ্ছে। তবে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) পরীক্ষা সম্পন্ন হওয়ার পর কূপটির প্রকৃত গ্যাসের মজুত ও উত্তোলন সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, আগামী ২০ বছর ধরে কূপটি থেকে গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে। ভোক্তা পর্যায়ের হিসাবে এই গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা।

আরও পড়ুন: খুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, ১২ দিনে সাত খুন

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে কূপটিতে খননকাজ চালানোর পর আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। তবে অতিরিক্ত তাপের কারণে আগুনের শিখা বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তাদের উপস্থিতিতে পুনরায় আগুনের শিখা জ্বালানো হবে।

সংশ্লিষ্টদের আশা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কূপটির গ্যাস উত্তোলন সক্ষমতা নিশ্চিত হলে তা দেশের জাতীয় গ্যাস সরবরাহে অবদান রাখতে পারে।