দুই দিনেই কোটি দর্শকের ভালোবাসায় সিক্ত ‘মন দুনিয়া’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:৪৩ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভালোবাসা, বিচ্ছেদ আর অপেক্ষার গল্প দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারে, তারই যেন প্রমাণ দিল নাটক ‘মন দুনিয়া’। প্রচারের পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নাটকটি এবার গড়েছে ভিউয়ের নতুন রেকর্ড। মুক্তির মাত্র দুই দিনের মাথায় ইউটিউবে এক কোটির বেশি ভিউ অর্জন করেছে নাটকটি। ক্যাপিটাল ড্রামার এই আয়োজন দ্রুততম সময়ে কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে আলোচনায় এসেছে। 

ইমরাউল রাফাতের পরিচালনায় নির্মিত নাটকটি প্রচারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় রয়েছে। দর্শকদের প্রশংসার পাশাপাশি ইউটিউবেও বাড়ছে নাটকটির ভিউ। বিশেষ করে গল্পের আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং অভিনয়শিল্পীদের সাবলীল অভিনয় দর্শকদের মনোযোগ কেড়েছে।

আরও পড়ুন: সাদিয়া আয়মানের বয়স কত?

নাটকটির মন্তব্যের ঘরে এক দর্শক লিখেছেন, ‘ভালোবাসার অসম্পূর্ণতাকে পূর্ণতা পাওয়ার লড়াইটা দারুণ ফুটিয়ে তুলেছেন তৌসিফ ও তটিনী। বিশেষ করে আবেগের জায়গাগুলো খুব মন ছুঁয়ে গেছে।’ আরেক দর্শকের মন্তব্য, ‘দারুণ একটা নাটক। শুরু থেকে শেষ পর্যন্ত চোখ ফেরানো যায়নি।’

নাটকের গল্পে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিপাকে পড়ে আবির (তৌসিফ মাহবুব)। সেখান থেকেই সহপাঠী তুলির (তানজিম সাইয়ারা তটিনী) সঙ্গে পরিচয় ও বন্ধুত্বের শুরু। একই বন্ধুমহলের রাতুল যখন তুলিকে প্রকাশ্যে প্রেমের প্রস্তাব দেয়, তখন গল্পে আসে নতুন মোড়। রাতুলের প্রস্তাব প্রত্যাখ্যান করে তুলি জানিয়ে দেয়, সে ভালোবাসে আবিরকে। তবে বন্ধুত্বের সম্পর্কের কথা ভেবে নিজের অনুভূতি প্রকাশ না করে দূরে সরে যেতে চায় আবির। এতে দুজনের সম্পর্কে তৈরি হয় দূরত্ব। এর মধ্যে দুই পরিবারের বিরোধিতা এবং বাবার দেওয়া শর্ত তাদের সম্পর্ককে আরও জটিল করে তোলে। একপর্যায়ে পারিবারিক মর্যাদা ও বাবার অভিমানের কাছে হার মানতে হয় দুজনকে। বিচ্ছেদের পর কেটে যায় দেড় বছরেরও বেশি সময়। দীর্ঘ অপেক্ষা, নীরবতা ও অভিমানের দেয়াল পেরিয়ে তুলির আত্মত্যাগ এবং আবিরের ফিরে আসার মধ্য দিয়ে গল্পের পরিণতি ঘটে।

আরও পড়ুন: শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫, আবেগাপ্লুত অমি

দুই দিনে কোটি ভিউয়ের মাইলফলক অর্জন প্রসঙ্গে গণমাধ্যমকে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘আমি মনে করি, ভিউ অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ একটা কাজ কত মানুষের কাছে পৌঁছাচ্ছে, দর্শক কতটা আগ্রহ নিয়ে দেখছেন এবং একটা প্রজেক্টকে কতটা ভালোবাসছেন, তার একটা প্রতিফলন এই সংখ্যাগুলোতে পাওয়া যায়। তাই ভিউয়ের গুরুত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে একই সঙ্গে আমি এটাও বিশ্বাস করি, একটা কাজের সাফল্য শুধু ভিউ দিয়ে বিচার করা উচিত নয়। দিন শেষে গল্পটা দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারল, চরিত্রগুলো কতটা আপন হয়ে উঠল, কিংবা দেখার পরও গল্পের কোনো অংশ দর্শকের মনে থেকে গেল কি না—আমার কাছে সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই এই অর্জন উদ্‌যাপন করার মতো। তবে আমি চাই, এই সাফল্য যেন আমাদের আত্মতুষ্টির কারণ না হয়ে বরং সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হয়ে থাকে। কারণ দিন শেষে সংখ্যার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, আমরা দর্শকদের জন্য কেমন কাজ রেখে যেতে পারছি। এই অর্জনের জন্য দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। পাশাপাশি পুরো টিমের প্রত্যেকটি মানুষের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা, যাঁদের সম্মিলিত প্রচেষ্টায় কাজটি এত মানুষের কাছে পৌঁছেছে।’

জীবনঘনিষ্ঠ সংলাপ, বন্ধুত্বের বোঝাপড়া, ভালোবাসার দ্বিধা এবং পারিবারিক বাধার নানা দিক উঠে এসেছে ‘মন দুনিয়া’ নাটকে। আনোয়ারুল আলম সজলের প্রযোজনায় এতে তৌসিফ ও তটিনী ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শেহজাদ ওমর, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে।