অনন্ত জলিলের পাশে দাঁড়িয়ে যা বললেন ওমর সানী
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। অভিনয়ে আগের মতো নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিও তিনি। সোমবার (১৬ নভেম্বর) সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনন্ত জলিল সংক্রান্ত একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। সেখানে অনন্তের সঙ্গে নিজের পরিচয় ও অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘অনন্ত জলিলের সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি ভালো মনের মানুষ এবং খুব ভালো একজন ফাইটার। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এটা তার কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। তিনি বিষয়টি সামলে ফেলবেন।’
অনন্তকে ঘিরে চলমান আলোচনা-সমালোচনার প্রসঙ্গেও নিজের মত জানান এই অভিনেতা। সানী বলেন, ‘যে ধরনের কথাবার্তা উঠছে, আমার মনে হয় অনন্ত জলিলের জন্য বিষয়টি সামলে নেওয়া কঠিন হবে না। তার ওপর আমার আত্মবিশ্বাস আছে। এত আলোচনা করে তাকে ছোট করার কোনো অর্থ দেখি না, আবার অযথা বড় করারও প্রয়োজন নেই।’
আরও পড়ুন: পুরস্কার নয়, নিজের কাজের প্রতিই ভাবনার ভালোবাসা
ভিডিও বার্তায় অনন্ত জলিলের উদ্দেশ্যে শুভ কামনাও জানান ওমর সানী। তিনি বলেন, ‘হয়তো এ ধরনের গসিপ না হলে আরো ভালো হতো। যেহেতু বিষয়টি হয়েই গেছে, আপনি সংক্ষেপে সমাধান করে ফেলবেন। এটি বাস্তব। অল দ্য বেস্ট। আপনার স্ত্রীকে আমি ছোট বোনের মতো জানি এবং খুব ভালো জানি। আপনি খুব ভালো একজন মানুষ, এটি আমি বিশ্বাস করি।’
উল্লেখ্য যে, পোশাকশিল্পের পরিচিত ব্যবসায়ী অনন্ত জলিল। ব্যবসার পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেও পেয়েছেন ব্যাপক পরিচিতি। তবে ২২৬ কোটি টাকার বেশি ব্যাংকঋণের খবর সামনে আসার পর নতুন করে আলোচনায় এসেছেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এমনকি কেউ কেউ অনন্ত জলিলের ‘দেউলিয়া’ হয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করছেন। তবে এই পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন অভিনেতা ওমর সানী।
আরও পড়ুন: রক্ষা নেই অমিতাভ-অভিষেকের! হত্যার হুমকি গ্যাংস্টার গোল্ডি ঢিলোঁর
এদিকে অভিনয়ে আগের মতো নিয়মিত নন ওমর সানী। বেশ কিছুদিন ধরে রেস্তোরাঁ ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। নিজের ব্যবসা নিয়েও নানা সময়ে সমালোচনার মুখে পড়তে হয় বলে জানান এই অভিনেতা। তবে এসব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজ চালিয়ে যাওয়াতেই বিশ্বাসী তিনি।





