মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক
এর আগে গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন। যুক্তিতর্কের সময় প্রধান আসামি শিক্ষক সাগর নিজের সব সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তবে আদালত তার আবেদন নাকচ করে দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে। ওই মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ১২ বছর বয়সী ছাত্রীকে নিজের প্রতিষ্ঠানে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি ঘটনাটি গোপন রাখে। একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।
আরও পড়ুন: কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনে একজনকে জরিমানা, ৯ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী সময়ে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নেওয়া হলে শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। পরে গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে তিন দিনের রিমান্ডেও নেয়।
মামলার বিচারিক প্রক্রিয়া চলাকালে গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে সিআইডির একটি দল নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার পরীক্ষাগারে পাঠায়।
ডিএনএ পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯ শতাংশ মিলে যায়। এই বৈজ্ঞানিক প্রমাণ মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে তদন্তকারী কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।





