সোনারগাঁয়ে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু

Shahrier Islam Pallab
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী আফরিন আক্তার মারা গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর ঘুমন্ত অবস্থায় আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেন তার মামি সোনিয়া আক্তার। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে এক মাস চিকিৎসার পর অর্থাভাবে তাকে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।

আরও পড়ুন: ধান বিক্রিতে হিসাব মিলছে না কৃষকের

এ ঘটনায় গত ২৭ অক্টোবর আফরিনের মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মামা জাকির হোসেন, মামি সোনিয়া আক্তার ও সোনিয়ার বোনজামাই মোস্তফা মিয়াকে গ্রেপ্তার করে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

আফরিনের মা অভিযোগ করেন, অর্থাভাবে মেয়ের চিকিৎসা সম্পন্ন করতে পারেননি। চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আরও পড়ুন: শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এ ঘটনায় গ্রেপ্তার তিনজন কারাগারে রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।