পুরোনো জুটির নতুন রসায়ন, আবারও একসাথে শাহরুখ-কারিনা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৩৩ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের পর্দায় শাহরুখ খান ও কারিনা কাপুরের জুটি মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক চাল্লো’ গানে একসঙ্গে হাজির হয়ে দর্শকদের মন জয় করেছিলেন তারা। দীর্ঘ দেড় দশক পর আবারও একসঙ্গে পর্দায় ফিরলেন এই দুই তারকা। শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’-এ দেখা মিলেছে তাদের। পুরোনো জুটির প্রত্যাবর্তনে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হলেও গানটির পরিবেশনা নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

মূলত ইউরো-ক্যারিবীয় সংগীতদল বনি এমের জনপ্রিয় ‘ড্যাডি কুল’ গানটিকে নতুন সংগীতায়োজনে বলিউডি আবহে হাজির করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশিত হয় গানটির ‘কিং ভার্সন’। মুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে শুরু হয় আলোচনা। নতুন সংস্করণটির সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগার। এতে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীতশিল্পী অরিজিৎ সিং ও শিল্পা রাও। আর গানটির নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন বৈভাই মার্চেন্ট। গানটি প্রকাশ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শাহরুখ খান লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও… গানটি পুরোনো ধাঁচের, কিন্তু এখনো কুল!’

আরও পড়ুন: ছয় মাসের মধ্যে ভেঙে যাচ্ছে বাংলা ফাইভ ব্যান্ড

গানটি ঘিরে দর্শকদের প্রতিক্রিয়ায় সবচেয়ে বেশি জায়গা পেয়েছে শাহরুখ ও কারিনার পুরোনো রসায়ন। দীর্ঘদিন পর এই জুটিকে একসঙ্গে দেখে নস্টালজিক হয়ে পড়েছেন অনেক ভক্ত। একজন দর্শক মন্তব্য করেছেন, ‘ডন’ সিনেমার আগে শাহরুখ ও কারিনাকে ‘ইয়ে মেরা দিল’ গানে দেখা গেছে, এরপর ‘চাম্মাক চাল্লো’, এবার ‘কিং’-এর ‘ড্যাডি কুল’। কিছু জুটি কখনো পুরোনো হয় না। তাদের রসায়নেও সেই পুরোনো আবেগ রয়েছে।

শুধু জুটির রসায়ন নয়, গানটিতে শাহরুখের উপস্থিতিও প্রশংসা কুড়িয়েছে। এক দর্শকের ভাষ্য, পর্দায় কারিনা থাকলেও চোখ সরানো কঠিন শাহরুখের দিক থেকে। আরেকজনের মতে, বয়স বাড়লেও অভিনেতার জনপ্রিয়তা ও পর্দায় আকর্ষণ যেন আরও বাড়ছে। কারিনার সৌন্দর্য ও সাবলীল উপস্থিতি নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন অনেকে।

আরও পড়ুন: প্রিয়াঙ্কা থেকে আলিয়া, বলিউডে কার পারিশ্রমিক কত?

তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও কম হচ্ছে না। বিশেষ করে গানটির নাচের কোরিওগ্রাফি ও উপস্থাপনায় নতুনত্বের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকদের একাংশ। একজন লিখেছেন, একই ধরনের নাচের ধাপ ও পুরোনো পরিবেশনা আর কত দিন দেখা যাবে! প্রায় ৩০ বছর ধরে একই ধাঁচের উপস্থাপনা চলছে বলেও মন্তব্য করেছেন তিনি। কেউ কেউ গানটির কথা ও সুরের সামঞ্জস্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন।

অরিজিৎ সিংয়ের কণ্ঠ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়াও একরকম নয়। অনেকে তাঁর গায়কির প্রশংসা করলেও কেউ কেউ গানটিতে তাঁর অংশগ্রহণ নিয়ে কৌতুকপূর্ণ মন্তব্য করেছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার এটি দ্বিতীয় গান। এর আগে প্রকাশিত হয়েছিল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত রোমান্টিক গান ‘তু মিল যায়ে’। নতুন গান প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।  

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত হয়েছে অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ছবিটির। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন ছাড়াও এতে অভিনয় করেছেন রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, ববি দেওল ও সুহানা খান।