২৪ ঘণ্টায় হামে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৬২
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬২ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৮২ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৮০ জন।
আরও পড়ুন: হামে ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় হাজার
গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৩৪ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৪০ জন এবং সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৬ হাজার ১৬ জন।
আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। একই সময়ে জেলার হিসাবেও ঢাকায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে।
এছাড়া ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ২০ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১১৮ জনের।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার ও জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।





