২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ শনাক্তের সংখ্যাও বেড়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ২২৭ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এদিকে, গত একদিনে নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৫১ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ১৩১ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং ৫ হাজার ২৮ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৫ হাজার ১৫৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২১ হাজার ৭৫৬ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়াই এ পরিস্থিতি মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।





