হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৩৪
দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
প্রতিবেদন অনুযায়ী, গত ৮৬ দিনে দেশে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৩৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজন ঢাকা, একজন সিলেট এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন করে ৯৮০ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৯৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫
একই সময়ে ল্যাব পরীক্ষায় আরও ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে গত ৮৬ দিনে দেশে মোট সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জনে। এদের মধ্যে ৬৬ হাজার ১৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৩৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৬২ হাজার ২৯২ জনে পৌঁছেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সময়মতো টিকাদান ও সচেতনতা বৃদ্ধি সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।





