হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯৬

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ৬:৪২ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৯৬ জন।

শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ৮৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ৬৪৩ জনের, নতুন ভর্তি ১ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৩ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট ৬৪৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ জন শিশু। বাকি ৫৫৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৪৮ জনে। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৮৪ হাজার ৮৯৯ জন।

আরও পড়ুন: হামে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৩৯

প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। বিভাগটিতে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত ২৯১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৪৬ হাজার ৫১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।