হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৪৭

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ৮:২৪ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গ ও পরীক্ষায় নিশ্চিত সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৭ জনে।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫১

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে হয়েছে ৬৫৪ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮১৮ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৮।

আরও পড়ুন: পেশাগত নিবন্ধনের দাবিতে আন্দোলনের ঘোষণা ডেন্টাল ডিপ্লোমাধারীদের

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষায় আরও ১২৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৯৮ জনে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৩১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৮ হাজার ৪১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গে মারা যাওয়া দুই শিশুর একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা।