আনসার-ভিডিপির ডিজিটাল ব্যবস্থায় এআই যুক্ত করার উদ্যোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রীর
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) ডিজিটাল রূপান্তর কর্মসূচিকে আরও এগিয়ে নিতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্মার্ট প্রশাসন গড়ে তুলতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে বাহিনীটি। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
সোমবার (৬ জুলাই) তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি বাহিনীর চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রম এবং ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা তুলে ধরেন।
আরও পড়ুন: সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সাক্ষাৎকালে মহাপরিচালক জানান, বাহিনীর Ansar VDP Enterprise Resource Planning (AVERP)-এর আওতায় ইতোমধ্যে মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, মোতায়েন, ভাতা বিতরণ, জনসেবা, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, AVMIS, APMIS, EMIS, AVJOBS, TRGMS, CRM, STDMS, IADMS এবং AVSSO-সহ একাধিক আন্তঃসংযুক্ত স্মার্ট প্ল্যাটফর্ম বর্তমানে বাহিনীর প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করেছে।
আরও পড়ুন: ঢাবি থেকে ৩৫ জন গবেষকের পিএইচডি এবং ১৯ জনের এমফিল ডিগ্রি অর্জন
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আরও বলেন, প্রায় ৬০ লাখ সদস্যের এই বৃহৎ বাহিনীর ডেটাবেইস ভবিষ্যতে বিগ ডেটা, মেশিন লার্নিং (ML), লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি উন্নয়নের জন্য শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করতে পারে।
তার ভাষ্য অনুযায়ী, নিজস্ব তথ্যভিত্তিক এআই-চালিত অটোমেশন ব্যবস্থা চালু করা গেলে স্মার্ট সিদ্ধান্ত গ্রহণ, দক্ষতা মূল্যায়ন, প্রশিক্ষণ, কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং জনসেবা প্রদান আরও আধুনিক ও কার্যকর হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম উদ্যোগটিকে সময়োপযোগী ও ভবিষ্যতমুখী উল্লেখ করে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে সম্ভাব্যতা যাচাই এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে শিগগিরই একটি বিশেষ সভা আয়োজনের নির্দেশনা দেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষজ্ঞদের মতে, আনসার-ভিডিপির বিদ্যমান ডিজিটাল অবকাঠামোর সঙ্গে এআই ও এলএলএম প্রযুক্তির সমন্বয় কেবল বাহিনীর প্রশাসনিক দক্ষতাই বাড়াবে না, বরং জাতীয় পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং নাগরিকসেবা আধুনিকায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উপস্থাপনা অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলামসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





