সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল বাসস্ট্যান্ড ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়
বিষয়টি হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহত ছেলের নাম জানা যায়নি। তবে, মায়ের নাম মোছা. নীলা। তিনি কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২
স্থানীয়রা জানান, বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মহাসড়কের হাটিকুমরুল এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও তিনজন আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, "মা ও ছেলে নিহত হয়েছেন। ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে তদন্ত করছি।"





