ইসরায়েলকে কঠোর পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২২ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের জাতীয় অবকাঠামোর ওপর যেকোনো ধরনের হামলা চালানো হলে ইসরায়েলকে লক্ষ্য করে কঠোর ও পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান মোহাম্মদ বাকের জোলঘাদর।

শুক্রবার (১০ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার প্রতিশোধ নেওয়া হবে এবং এ ধরনের হামলার জন্য দায়ী ইসরায়েলি শাসনব্যবস্থা ইরানের জবাবি আঘাত থেকে কোনোভাবেই নিরাপদ থাকবে না।

আরও পড়ুন: ইরান কখনো আত্মসমর্পণ করবে না: গালিবাফ

ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বক্তব্যে জোলঘাদর বলেন, ইরানের যোদ্ধাদের পাল্টা হামলার মুখে ইসরায়েলকে জবাবদিহি করতে হবে।

গত সপ্তাহে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এর আগে গত ১৭ জুন উভয় দেশ একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছিল, যার উদ্দেশ্য ছিল এপ্রিলের যুদ্ধবিরতিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করা। তবে সাম্প্রতিক সংঘাত সেই প্রক্রিয়াকে আবারও অনিশ্চয়তার মুখে ফেলেছে।

আরও পড়ুন: খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা আইআরজিসির, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে হুঁশিয়ারি

ইরানের দাবি, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রায় ৯০টি সামরিক স্থাপনায় হামলা চালায়। তবে তেহরানের অভিযোগ, হামলা শুধু সামরিক স্থাপনায় সীমাবদ্ধ ছিল না; বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের ভাষ্য, রাজধানী তেহরান থেকে মাশহাদ পর্যন্ত সেতু ও রেল যোগাযোগ ব্যবস্থায় হামলা চালানো হয়েছে। একই সময়ে মাশহাদে প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন সম্পন্ন হয়।

ইরানের সরকারি তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলায় এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছেন।