হরমুজ প্রণালিকে শিগগিরই মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে: ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:৪৪ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে তেহরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে বিতর্কিত মন্তব্যও করেছেন তিনি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও জানিয়েছিলেন, আগামী সপ্তাহে তেহরানের বিরুদ্ধে এমন কিছু ব্যবস্থা ঘোষণা করা হতে পারে, যার নজির আগে দেখা যায়নি।

আরও পড়ুন: ইয়েমেনের আল-মাখায় হুতিদের হামলায় নিহত ৪

এর মধ্যেই নিউইয়র্কের একটি পুলিশ একাডেমিতে আয়োজিত রাজনৈতিক অনুষ্ঠানে ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে মন্তব্য করেন। হাস্যরসের ভঙ্গিতে তিনি বলেন, খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য বাস্তব কোনো পরিকল্পনার অংশ কি না, তা স্পষ্ট করেননি তিনি।

ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় কড়া অবস্থান জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিদাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, হুমকি কিংবা সামরিক শক্তি প্রদর্শন করে ইরানকে ভয় দেখানো যাবে না। হরমুজ প্রণালির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইরানের বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

গারিদাবাদি বলেন, কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বিমানবাহী রণতরী, সামরিক নির্দেশ কিংবা রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়। ইরান পরিস্থিতি সম্পর্কে নিজের অবস্থান থেকে সরে যাবে না বলেও তিনি ইঙ্গিত দেন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, শুক্রবার মাত্র দুটি জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করেছে। অথচ সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে ১৩০টিরও বেশি জাহাজ এই পথ ব্যবহার করত।

বিশ্বের জ্বালানি বাণিজ্যে হরমুজ প্রণালির গুরুত্ব অনেক বেশি। বৈশ্বিক জ্বালানি তেল ও এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানে দীর্ঘমেয়াদি অচলাবস্থা তৈরি হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।

ইতোমধ্যে সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম বেড়ে গ্যালনপ্রতি প্রায় ৪ ডলারে উঠেছে।

দাম বৃদ্ধির বিষয়ে মার্কিন নাগরিকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য যুক্তরাষ্ট্রকে কিছুটা বেশি জ্বালানি মূল্য দিতে হতে পারে। তবে এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছিলেন, পারমাণবিক ইরান ঠেকানোর পাশাপাশি মার্কিন জনগণের জন্য জ্বালানির দাম কম রাখাও প্রশাসনের গুরুত্বপূর্ণ লক্ষ্য।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে জ্বালানির মূল্যবৃদ্ধি ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে বড় চাপ তৈরি করতে পারে। বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ রিপাবলিকানদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

অন্যদিকে ইরানের বিরুদ্ধে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের শারীরিক ও মানসিক পরিস্থিতি নিয়েও আলোচনা চলছে। প্রায় নয় মাস ধরে সমুদ্রে অবস্থান করা রণতরীটির নাবিকদের নিয়ে তাদের পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ট্রাম্প এ বিষয়ে বড় কোনো সমস্যা রয়েছে বলে মনে করেন না।

ট্রাম্প জানিয়েছেন, ইউএসএস আব্রাহাম লিংকনকে শিগগিরই অন্য একটি বিমানবাহী রণতরী দিয়ে প্রতিস্থাপন করা হতে পারে। মার্কিন সংবাদমাধ্যমে এর আগে রণতরীটির কয়েকজন নাবিকের মানসিক সংকট ও আত্মহত্যার চেষ্টার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত মন্ত্রী হাং কাও কয়েকজন নাবিককে মানসিক অবসাদের জন্য চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করলেও বিষয়টি নিয়ে গণমাধ্যমের নেতিবাচক প্রচারের সমালোচনা করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে গত জুনে হওয়া চুক্তি ভেস্তে যাওয়ার পর এখনো নতুন করে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে কেবল বার্তা আদান-প্রদান হচ্ছে। এটিকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি বা শান্তি আলোচনা হিসেবে দেখার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।