১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:১৯ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা ও বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ পৃথক বিষয় বলে জানিয়েছে ভারত। প্রত্যর্পণের আবেদন আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন থাকলেও এ বিষয়ে কোনো সময়সীমা জানায়নি দেশটি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা এবং ঢাকার পক্ষ থেকে তাকে ফেরত চেয়ে করা প্রত্যর্পণের আবেদন দুটি পৃথক বিষয়।

আরও পড়ুন: বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে দুই বছরের বেশি সময় নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। দেশে ফেরার জন্য ভ্রমণসংক্রান্ত নথি, পাসপোর্ট এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যাত্রার ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: শয়তান ও নরক দেখার অভিজ্ঞতা, পোপ ফ্রান্সিসের ডায়েরিতে চাঞ্চল্যকর তথ্য

তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে ভারতের কাছে প্রত্যর্পণ প্রক্রিয়াই গ্রহণযোগ্য পথ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে করা প্রত্যর্পণের আবেদন বিদ্যমান আইনি কাঠামোর আওতায় প্রক্রিয়াধীন রয়েছে। তবে আবেদনটি নিষ্পত্তির বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

তিনি বলেন, প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী আবেদনটি পরীক্ষা করা হচ্ছে। কোনো ব্যক্তির স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রত্যর্পণের অনুরোধের বিষয়টি থেকে আলাদা।

জয়সওয়াল আরও বলেন, এটি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা প্রকাশ্যে আসার পর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দেশের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই। ফলে স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের পথ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

মঙ্গলবার শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা ১৬ বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে এবং অন্য দণ্ডিত পলাতক আসামিদের মতো তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।

তবে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

তথ্যসূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া