ইয়েমেনে সেনাবাহিনীর অভিযানে ২৭ হুথি যোদ্ধা নিহত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:২২ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশে সামরিক অভিযানে হুথি গোষ্ঠীর ২৭ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার (২৪ নভেম্বর) পরিচালিত এ অভিযানে আরও কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি হুথিদের প্রতিরক্ষা অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

ইয়েমেনের ৩৫তম আর্মার্ড ব্রিগেড জানায়, তায়েজের আল-মিসরাখ জেলায় হুথিদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়। এতে সেনাবাহিনীকে সহায়তা করে পপুলার রেজিস্ট্যান্স বাহিনী।

আরও পড়ুন: শয়তান ও নরক দেখার অভিজ্ঞতা, পোপ ফ্রান্সিসের ডায়েরিতে চাঞ্চল্যকর তথ্য

এদিকে, তায়েজের অন্য একটি এলাকায় হুথিদের গোলাবর্ষণে এক শিশু নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়, ইয়ানান গ্রামের ওপর চালানো গোলাবর্ষণে শিশুটির মৃত্যু হয়।

মধ্য ইয়েমেনের মারিব প্রদেশে বিস্ফোরক বহনকারী হুথিদের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সেনাবাহিনী। এ ছাড়া উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-হাজম এলাকার দক্ষিণ-পূর্বে হুথিদের অবস্থান লক্ষ্য করে সেনাবাহিনীর ড্রোন হামলা চালানোর খবর জানিয়েছে সামরিক বাহিনীর সংবাদমাধ্যম।

আরও পড়ুন: নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ চার দেশ

অন্যদিকে, হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি আরব গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ৭২টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা এবং দেশটির বিভিন্ন এলাকা দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। পরবর্তী সময়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে। এর ফলে দীর্ঘস্থায়ী যুদ্ধের পাশাপাশি ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়।

২০২২ সালে হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত জুলাই থেকে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত বেড়েছে। এতে দেশটির নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি