রামমন্দির উদ্বোধন আজ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৮:২৬ পূর্বাহ্ন, ২২ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উত্তর ভারতের অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হবে আজ। মন্দিরের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অযোধ্যায় বিশাল প্রাঙ্গণে ১৮০০ কোটি ভারতীয় টাকারও বেশি খরচ করে হিন্দু দেবতা রামচন্দ্রের মন্দির গড়ে উঠেছে।

রামমন্দির উদ্বোধন ঘিরে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। লতা মঙ্গেশকর চকে মোতায়েন করা হয়েছে রাজ্যের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) সদস্যদের। আজ সোমবার (২২ জানুয়ারি) ‘প্রাণ প্রতিষ্ঠা’ নামের এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামমন্দির উদ্বোধনের পর মোদি অযোধ্যায় একটি জনসভাও করবেন। 

আরও পড়ুন: শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ আইনগত প্রক্রিয়ায় বিবেচনায়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

উদ্বোধনকে ঘিরে আগে থেকেই শুরু হয়েছিল প্রচারণা। রোববার (২১ জানুয়ারি) হিন্দু ধর্মে বিশ্বাসী হাজারো উৎফুল্ল জনতা লাউড স্পিকারে ধর্মীয় সুরের মূর্ছণায় উল্লাসে মাতে অযোধ্যায় রাস্তাগুলোতে। প্রায় আড়াই হাজার সংগীত শিল্পী ১০০টির বেশি মঞ্চে আজ উৎসবে মাতবেন। উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে ১৪০ কিলোমিটার দূরত্বের সড়কে রয়েছে তীরধনুকসহ দেবতা রামের হাজারো বিলবোর্ড।

এদিকে অযোধ্যা পুলিশ জানিয়েছে, অনুষ্ঠান ঘিরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিস্তৃত পরিসরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ড্রোনের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুন: বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর বহরে হামলা, ৪৫ সেনা নিহতের দাবি বিএলএর

রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ৭ হাজার অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী ও লোকসভার বিরোধী নেতা অধীর রঞ্জন চৌধুরীকেও ট্রাস্টের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে এ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এছাড়া শিবসেনার উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের সীতারাম ইয়েচুরিও জানিয়ে দিয়েছেন, ওই অনুষ্ঠানে তারা যাবেন না।

মন্দির উদ্বোধনের পর তা সাধারণের জন্য খুলে দেওয়া হবে মঙ্গলবার থেকে। প্রথম বার দরজা খুলবে সকাল ৭টায়। সে সময়ে পুণ্যার্থীরা মন্দিরে ঢুকতে এবং পুজো দিতে পারবেন।

উল্লেখ্য, ১৯৯২ সালে শতাব্দী প্রাচীন বাবরি মসজিদ ভেঙে সেখানে ৫০ মিটার উঁচু হিন্দু দেবতা রামের উপাসনা করতে নির্মাণ করা হয়েছে এই মন্দির। সে সময় এই মসজিদ ভাঙার কারণে ভারতের ইতিহাসে স্বাধীনতার পর ছড়িয়ে পড়া ধর্মীয় দাঙ্গায় মারা যায় দুই হাজার মানুষ, যাদের বেশিরভাগই ছিলেন মুসলিম জনগোষ্ঠীর সদস্য। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার, এএফপি