সৌদি আরব থেকে মার্কিন কর্মীদের দেশ ছাড়ার নির্দেশ

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ১:২৬ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের কিছু মার্কিন কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের জারি করা ‘অর্ডারড ডিপারচার’ (Ordered Departure) বা বাধ্যতামূলক প্রত্যাহার নির্দেশনার আওতায় এসব কর্মীকে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে। কর্মকর্তাদের মতে, এ সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে যে অঞ্চলটিতে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: টানা ১০ দিন ধরে ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিশ্ব থেকে বিচ্ছিন্ন প্রায় ৯ কোটি মানুষ

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর শুরু হওয়া সংঘাতের পর প্রথমবারের মতো সৌদি আরবের ক্ষেত্রে এমন বাধ্যতামূলক প্রত্যাহারের অনুমোদন দেওয়া হলো।

এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন কূটনৈতিক মিশনে কর্মরত অপ্রয়োজনীয় মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়েছিল। তবে তখন কোনো বাধ্যতামূলক নির্দেশনা জারি করা হয়নি।

আরও পড়ুন: ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ আলোচনায়

নতুন এই নির্দেশনার বিষয়ে কথা বলা কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে তথ্য দিয়েছেন, কারণ এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি তাদের ছিল না।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা ও আঞ্চলিক সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র তাদের কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে।