নিউইয়র্কে বিমানবন্দরে প্লেন-গাড়ির সংঘর্ষ, আহত অন্তত ৪
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার একটি বিমানের সঙ্গে রানওয়েতে থাকা একটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) স্থানীয় সময় রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের মিডিয়া অফিস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিউইয়র্ক বন্দর কর্তৃপক্ষের একটি গাড়ির সঙ্গে বিমানটির সংঘর্ষ হয়।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় বা আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন।
আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) তদন্ত শুরু করেছে এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। তবে এখনো দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।





