চাঁদে স্থায়ী ঘাঁটি ও নিয়মিত মানব মিশনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
মহাকাশে মার্কিন আধিপত্য নিশ্চিত করতে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণের উদ্যোগ নিল নাসা। সম্প্রতি ‘ইগনিশন’ অনুষ্ঠানে সংস্থাটি জানিয়েছে, আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে ২০২৭ সাল থেকে নিয়মিত নভোচারী পাঠিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ী মানব উপস্থিতি নিশ্চিত করা হবে।
নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানান, মহাকাশ অভিযানে ধারাবাহিকতা বজায় রাখতে সংস্থাটি ঘন ঘন অভিযান এবং পুনর্ব্যবহারযোগ্য ল্যান্ডিং প্রযুক্তিতে বিশেষ গুরুত্ব দেবে। তার মতে, মহাকাশে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখতে এখন সাফল্য বছরের বদলে মাসের ভিত্তিতে গণনা করা হবে।
আরও পড়ুন: ইরানের হামলায় পশ্চিম এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস হয়েছে
পরিকল্পনা বাস্তবায়নের ধাপগুলোতে রয়েছে—প্রথমে প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষা এবং রোবোটিক ও কার্গো মিশনের সংখ্যা বৃদ্ধি। পরবর্তী ধাপে চাঁদে প্রাথমিক অবকাঠামো নির্মাণ ও আধা-বাসযোগ্য সিস্টেম স্থাপন করা হবে। চূড়ান্ত পর্যায়ে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় মানব উপস্থিতি দীর্ঘমেয়াদীভাবে বজায় রাখা হবে এবং এটি ভবিষ্যতে মঙ্গল গ্রহসহ আরও গভীর মহাকাশ অভিযানের জন্য ভিত্তি তৈরি করবে।
নাসার সহযোগী প্রশাসক অমিত ক্ষত্রিয় জানিয়েছেন, বেসরকারি মহাকাশ সংস্থাগুলোর সঙ্গে কাজের মাধ্যমে খরচ কমিয়ে দ্রুততম সময়ে এই লক্ষ্য অর্জন করা হবে।
আরও পড়ুন: শান্তি আলোচনা ভেস্তে গেলে ইরানে ‘চূড়ান্ত হামলার’ প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই উদ্যোগ নতুন উদ্দীপনা সৃষ্টিকারী হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নাসার ‘ইগনিশন’ পরিকল্পনা সফল হলে চাঁদ হবে মানব সভ্যতার দ্বিতীয় স্থায়ী আবাসস্থল এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হবে।





