ইরান যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমে প্রণালিটি খুলতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের সহায়তা করতে প্রস্তুত রয়েছে দেশটি। এ ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে ইরানের হামলার মুখে পড়ে প্রথম পারস্য উপসাগরীয় দেশ হিসেবে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে আমিরাত।
আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের বাধা অপসারণে যেকোনো উপায়ে হরমুজ প্রণালিতে চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের রাজি করানোর চেষ্টা চলছে। এ লক্ষ্যে দেশটি আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
তারা আরও জানান, সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস করানোর চেষ্টা করছে, যাতে বলপ্রয়োগের মাধ্যমে প্রণালি খুলে দেওয়ার অনুমোদন পাওয়া যায়। পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার সামরিক শক্তিগুলোকে নিয়ে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছেন আমিরাতের কূটনীতিকরা।
আমিরাতের এক কর্মকর্তা বলেন, ইরানি নেতৃত্ব নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে এবং তারা হরমুজ প্রণালিতে চাপ সৃষ্টি করে বিশ্ব অর্থনীতিকেও ঝুঁকির মধ্যে ফেলতে প্রস্তুত।
আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান আমিরাতে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে, যা অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়িয়েছে।
এ বিষয়ে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সরাসরি কোনো তথ্য অস্বীকার করেনি। বরং জানায়, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিস্তৃত ঐকমত্য তৈরি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, যদি আমিরাত সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে, তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করতে পারে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।





