ভূমধ্যসাগরে নৌযানডুবি, নিখোঁজ অন্তত ৭০ অভিবাসনপ্রত্যাশী

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:২৭ পূর্বাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভূমধ্যসাগরে একটি নৌযান ডুবে অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যমতে, শনিবার বিকেলে কাঠের তৈরি একটি নৌযান ভূমধ্যসাগরের সার্চ অ্যান্ড রেসকিউ জোন এলাকায় ডুবে যায়, যা লিবিয়ার নিয়ন্ত্রণাধীন। নৌযানটি লিবিয়ার তাজাউর উপকূল থেকে যাত্রা শুরু করেছিল এবং এতে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১০৫ জন যাত্রী ছিলেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ও ইরানের ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

দুর্ঘটনাস্থলটি লিবিয়ার বৌরি তেলক্ষেত্র থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল উত্তরপূর্বে অবস্থিত। ডুবে যাওয়া নৌযান থেকে ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং দুইজনের মরদেহ পাওয়া গেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে।

অন্যদিকে, বেঁচে ফেরা যাত্রীদের বরাত দিয়ে বার্তাসংস্থা আনসা জানিয়েছে, নৌযানটিতে মোট ১৮০ জন আরোহী ছিলেন এবং কোস্ট গার্ড পৌঁছানোর আগেই প্রায় ৮০ জন সাগরে ডুবে যান।

আরও পড়ুন: ইরানের হাতে কত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, নিশ্চিত নয় ইসরায়েল

নিখোঁজদের প্রতি শোক জানিয়ে সংস্থাটি ইউরোপীয় দেশগুলোর প্রতি নিরাপদ অভিবাসননীতি গ্রহণের আহ্বান জানিয়েছে।