ওয়াশিংটনে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ট্রাম্পকে
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দ শোনা যাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটে ওয়াশিংটন হিল্টন হোটেল-এ আয়োজিত এক নৈশভোজে, যেখানে হোয়াইট হাউস কভার করা সাংবাদিকরা উপস্থিত ছিলেন। টেলিভিশন ফুটেজে দেখা যায়, ট্রাম্প ডিনার টেবিলে বসে থাকার সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে নিরাপত্তা সদস্যরা তাকে ঘিরে ফেলেন।
আরও পড়ুন: ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক
কিছু গণমাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। নিরাপত্তা বাহিনীর একজন সদস্য বার্তা সংস্থা এপিকে জানান, একজন বন্দুকধারী হোটেলে ঢুকে গুলি চালায়।
হোয়াইট হাউস সাংবাদিক প্রতিনিধি অ্যাসোসিয়েশনের সভাপতি ওইজা জিয়াং জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অনুষ্ঠানটি পুনরায় শুরু করা হবে।
আরও পড়ুন: ওয়াশিংটনে গুলিবর্ষণের সঙ্গে ইরানের যোগসূত্র নেই: ট্রাম্প
ঘটনার সময় উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তাকেও দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ট্রাম্প দম্পতি দুজনই সুস্থ আছেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প নিরাপত্তা বাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রশংসা করেন।
তিনি বলেন, “তারা দ্রুত এবং সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।”





