যুদ্ধবিরতির মাঝেই ইরানে ফের মার্কিন হামলা, বাড়ছে মধ্যপ্রাচ্য উত্তেজনা
ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইরানের কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তিন দিনের মধ্যে এটি দ্বিতীয় হামলা বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেন্টকম দাবি করেছে— হামলার পাশাপাশি হরমুজ প্রণালির কাছাকাছি হুমকি সৃষ্টি করা ইরানের চারটি একমুখী আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী।
আরও পড়ুন: ইরানের হরমুজ প্রণালি কর্তৃপক্ষের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সেন্টকমের বিবৃতিতে বলা হয়, বন্দর আব্বাসের সামরিক ঘাঁটি থেকে পঞ্চম একটি ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলাকালে মার্কিন বাহিনী লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
এদিকে যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে চলমান যুদ্ধবিরতির ‘মারাত্মক লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে।
আরও পড়ুন: কুয়েতের মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা ইরানের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা পাল্টা হামলায় একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। তবে ঘাঁটির অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
একই সময়ে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি প্রতিহত করছে। যদিও এসব হামলার উৎস সম্পর্কে কোনো তথ্য দেয়নি কুয়েত।
নতুন এই উত্তেজনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরায়েল জোট ও ইরানের সংঘাত থামাতে চলমান আলোচনা এবং যুদ্ধবিরতি এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে গত সোমবারও দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে মাইন বসানোর চেষ্টায় থাকা ইরানি স্পিডবোটের বিরুদ্ধে হামলা চালানোর কথা জানায় মার্কিন বাহিনী। সেন্টকমের দাবি, এসব পদক্ষেপ ছিল ‘আত্মরক্ষামূলক’ এবং যুদ্ধবিরতি বজায় রাখার উদ্দেশ্যে নেওয়া।
এদিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল থেকে ফি আদায়কারী ইরানি সংস্থা ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’র ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, এটি বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য থেকে অর্থ আদায়ের ইরানি প্রচেষ্টার প্রমাণ এবং দেশটির অর্থনৈতিক সংকটের প্রতিফলন।
বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় চলমান এই সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলছে।
অন্যদিকে ওয়াশিংটনে এক মন্ত্রিসভার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান বর্তমানে দুর্বল অবস্থানে থেকে চুক্তির চেষ্টা করছে। তবে ওয়াশিংটন এখনো তাদের শর্তে সন্তুষ্ট নয় বলে জানান তিনি।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, সমঝোতা না হলে আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হতে পারে।





