অনলাইন নিউজ পোর্টালের মান নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:৫৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অনলাইন নিউজ পোর্টালের সংবাদ প্রকাশের মান ও পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমগুলোকে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, পাঠক ধরে রাখতে হলে সংবাদ প্রকাশের ক্ষেত্রে নির্দিষ্ট মান বজায় রাখা জরুরি। সংবাদ ও কনটেন্টের গুণগত মান ভালো না হলে পাঠক পোর্টালের প্রতি আগ্রহ হারাবেন। এ জন্য অনলাইন সংবাদমাধ্যমগুলোকে পেশাদার ও দক্ষ সাংবাদিক সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন: নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখব: নাহিদ ইসলাম

অনলাইন নিউজ পোর্টালের বার্ষিক নিবন্ধন নবায়ন ফি বাতিলের দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পাঁচ হাজার টাকার এই ফি একটি টোকেন ফি, যা আগেও চালু ছিল। এটি বড় কোনো অঙ্ক নয়। এ ফি পাঁচ লাখ টাকা করার প্রস্তাবও কেউ কেউ দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

অনলাইন গণমাধ্যম মালিকদের বিভিন্ন দাবি ও প্রস্তাব লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, লিখিত প্রস্তাব পেলে সেগুলো পর্যালোচনা ও বিবেচনা করা সহজ হবে। এ বিষয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলছে। অনলাইন গণমাধ্যমের পাশাপাশি পর্যায়ক্রমে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও বৈঠক করা হবে।

আরও পড়ুন: এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নের বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সবার মতামত নেওয়ার পর সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

বৈঠকে অনাবের নেতারা নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বার্ষিক নবায়নের শর্ত বাতিল, নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা এবং অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।