১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৩৩ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমা ‘রামায়ণ’। রণবীর কাপুর ও যশ অভিনীত এই চলচ্চিত্রটি মাত্র ১০ দিনেই বিশ্বব্যাপী আয় করেছে ১ হাজার ২০০ কোটি রুপির বেশি। এর মধ্য দিয়ে যশের ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর দীর্ঘদিনের আয়ের রেকর্ডও পেছনে ফেলেছে ছবিটি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মুক্তির দশম দিন শেষে বিশ্বজুড়ে ‘রামায়ণ’-এর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ২২৮ কোটি রুপি। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর আজীবন বৈশ্বিক আয় ছিল প্রায় ১ হাজার ২১৫ কোটি রুপি। ফলে নিজের অভিনীত সিনেমার রেকর্ড ছাড়িয়ে নতুন সাফল্যের নজির গড়েছেন যশ।

আরও পড়ুন: উত্তপ্ত এফডিসি, হঠাৎ কেন ক্ষুব্ধ হেলাল খান?

আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতের বক্স অফিসেও শক্ত অবস্থান ধরে রেখেছে সিনেমাটি। মুক্তির দশম দিনে দেশটিতে ছবিটির নিট আয় হয়েছে ৭২ কোটি ৯০ লাখ রুপি। আগের দিনের তুলনায় আয় বেড়েছে ৫১ দশমিক ৬ শতাংশ। সব মিলিয়ে ভারতের বাজারে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ৬৮৫ কোটি ৬০ লাখ রুপি।

অন্যদিকে, ভারতের বাজারে মোট আয় হয়েছে ৮১৯ কোটি ৫০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৪০৮ কোটি ৫০ লাখ রুপি। ভারতের বিভিন্ন ভাষার সংস্করণের মধ্যে হিন্দি সংস্করণই সবচেয়ে বেশি ব্যবসা করছে।

আরও পড়ুন: ‘হোক কলরব’ এর ২০ বছর পূর্তি উপলক্ষে গাইবেন অর্ণব

সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতা চরিত্রে রয়েছেন সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় দেখা গেছে যশকে। এ ছাড়া লক্ষ্মণ চরিত্রে রবি দুবে ও হনুমান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল।

মহাকবি বাল্মীকি রচিত মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। বিশাল বাজেটের এই চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওজ, ডিএনইজি ও যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন অস্কারজয়ী দুই সংগীত পরিচালক হ্যান্স জিমার ও এ আর রহমান।

মুক্তির পর থেকে দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা ‘রামায়ণ’ বক্স অফিসে একের পর এক সাফল্য অর্জন করছে। মাত্র ১০ দিনে ‘কেজিএফ ২’-এর আজীবন আয়ের রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় ভারতীয় চলচ্চিত্রের ব্যবসাসফল সিনেমাগুলোর তালিকায় নতুন করে আলোচনায় উঠে এসেছে রণবীর-যশ অভিনীত ছবিটি।