হরমুজ প্রণালীতে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, ইরানের শোক
আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীর ওমান উপকূলে মার্কিন বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ইরান।
শুক্রবার (১২ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে এ শোক জানান।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
এক্স বার্তায় তিনি বলেন, ভারতীয় বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনীর হামলা এবং এতে তিন ভারতীয় নাগরিকের মৃত্যু আবারও প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র ‘সশস্ত্র ডাকাতি’ ও ‘রাষ্ট্রীয় জলদস্যুতার’ নীতি অনুসরণ করছে। তিনি নিহতদের পরিবার, ভারতের জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘটনার আন্তর্জাতিক তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
বাঘায়েই আরও বলেন, এ ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড বৈশ্বিক শান্তি ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে।
আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা
উল্লেখ্য, গত ১০ জুন হরমুজ প্রণালীর ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের ইঞ্জিন কক্ষে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। জাহাজটিতে থাকা ২৮ জন ক্রুর মধ্যে ২৪ জনই ভারতীয় ছিলেন।
হামলার পর তিন ভারতীয় নাবিক নিখোঁজ ছিলেন। পরবর্তীতে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ তিনজনই নিহত হয়েছেন।
সূত্র: ফার্স্টপোস্ট





